বর্ষায় চামড়ার জুতো ও ব্যাগের চাই বিশেষ যত্ন, জেনে নিন সহজ উপায়

বর্ষার স্যাঁতসেঁতে, আর্দ্র আবহাওয়ায় আপনার পছন্দের চামড়ার জুতো ও ব্যাগের অবস্থা খুবই খারাপ হতে পারে, বিশেষ করে ভিজে গেলে। ড্রায়ার বা কড়া রোদে শুকালে চামড়া শক্ত হয়ে যায়, আর না শুকালে বিশ্রী গন্ধ বেরোয়, এমনকি ছত্রাকও ধরে যেতে পারে। এই পরিস্থিতিতে আপনার চামড়ার জিনিসগুলোর সঠিক যত্ন কিভাবে নেবেন, তা জেনে নিন:

কড়া রোদে বা ড্রায়ারে নয়, বাতাসেই শুকান: সরাসরি তাপ চামড়ার প্রাকৃতিক তেল শুকিয়ে দেয়। এর ফলে চামড়া শক্ত ও ফেটে যেতে পারে। তাই ভিজে যাওয়া চামড়ার জুতো বা ব্যাগ সারা রাত পাখার নিচে রেখে দিন। ভেতরে খবরের কাগজ বা টিস্যু পেপার ভরে দিন, যা অতিরিক্ত জল শুষে নেবে। শুধু বৃষ্টির জল নয়, বর্ষার আর্দ্রতায় পায়ের ঘামেও জুতো স্যাঁতসেঁতে হতে পারে ও দুর্গন্ধ বেরোতে পারে। তাই নিয়মিত খবরের কাগজ বা টিস্যু পেপার দিয়ে জুতোর ভেতরের আর্দ্রতা শুষে নেওয়া জরুরি, না হলে ফাঙ্গাস ধরতে পারে। সম্ভব হলে একই জুতো বা ব্যাগ প্রতিদিন ব্যবহার করবেন না। শুকনো করার পর সামান্য ট্যালকম পাউডার ছড়িয়ে দিলে ভেতরের আর্দ্রতা পুরোপুরি চলে যাবে। আজকাল বিভিন্ন ফুট স্প্রে পাওয়া যায়, যা দুর্গন্ধ কমাতে সাহায্য করে, সেগুলোও ব্যবহার করে দেখতে পারেন।

পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন: বাড়ি ফিরে এসেই জুতো বা ব্যাগ ক্যাবিনেটে তুলে রাখবেন না। প্রথমে দেখুন কোনো ময়লা লেগে আছে কিনা। পুরনো টুথব্রাশ ও সামান্য সাবান মেশানো জল দিয়ে আলতো করে পরিষ্কার করুন। তারপর শুকনো করে তবে ক্যাবিনেটে রাখুন। নিয়মিত পালিশ করলে চামড়ার জিনিস দীর্ঘদিন ভালো থাকে। এটি আর্দ্রতা থেকে রক্ষা করে, চামড়ার তেলের ভারসাম্য বজায় রাখে এবং জিনিস দীর্ঘ দিন ঝকঝকে থাকে। যেদিন ময়লা হবে, সেদিনই পরিষ্কার করে নেওয়া জরুরি, না হলে পরে দাগ তোলা কঠিন হতে পারে। শুকনো ব্রাশ দিয়ে মাঝে মাঝে ঝেড়ে নিলে ধুলো জমতে পারে না।

শুকনো কাপড়ে মুড়ে রাখুন: আপনার জুতো বা ব্যাগের স্টোরেজ যদি কাঠের তৈরি হয়, তবে এই সময় ফাঙ্গাস বা পোকার আক্রমণ হওয়া স্বাভাবিক। তাই বর্ষাকালে পুরোনো সুতির ধুতি বা শাড়িতে মুড়ে চামড়ার জিনিসপত্র স্টোর করুন।

মনে রাখবেন, চামড়ায় একবার ফাটল ধরলে তা আর সারানো যায় না। তাই আগে থেকেই আপনার পছন্দের চামড়ার জিনিসগুলোর সঠিক যত্ন নিন। ভেজা অ্যাক্সেসরিজ না শুকিয়ে ব্যবহার করবেন না।