ওজন কমিয়েছেন? ত্বক টানটান রাখতে শুরু করুন এই ব্যায়ামগুলি

ডায়েট আর ব্যায়াম করে ওজন কমিয়ে ফেলেছেন ভেবে যদি মনে করেন আপনার সব লড়াই শেষ, তাহলে ভুল ভাবছেন। এখনই ত্বক টানটান করার জন্য বিশেষ কিছু ব্যায়ামের অভ্যাস শুরু করুন, না হলে কিন্তু সেই টানটান ভাব আর ফিরে আসবে না, উল্টে ত্বক ঢিলে হয়ে যাবে এবং চেহারায় বয়সের ছাপ পড়বে। তাই ওজন কমতে শুরু করলেই টোনিংয়ের জন্য কিছু বিশেষ ব্যায়াম অভ্যাস করা উচিত। টোন আপের সময় সবচেয়ে বেশি কাজে দেয় ওয়েট ট্রেনিং, তবে কতটা ওজন আপনি তুলতে পারবেন, তা একমাত্র আপনার প্রশিক্ষকই বলতে পারবেন। অতিরিক্ত ওজন তুলতে গেলে কিন্তু পেশিতে চোট লাগার আশঙ্কা থাকে।
হাতের ব্যায়াম: হাতের চামড়া ঝুলে যাওয়া আটকাতে ওভারহেড স্ট্রেচ অভ্যেস করা প্রয়োজন। পিঠ সোজা করে বসুন। দু’হাতে ডাম্বেল নিয়ে সামনের দিকে হাত প্রসারিত করুন, হাতের পাতা ভেতরের দিকে থাকবে। ডাম্বেল ধীরে ধীরে মাথার উপর পর্যন্ত তুলে আনুন, তারপর কনুই থেকে ভাঁজ করুন। ডাম্বেল কানের পিছন দিকে থাকবে। পাঁচ থেকে দশ সেকেন্ড এভাবে ধরে রাখুন, হাত নামিয়ে নিন। দশ থেকে বারোটি পুনরাবৃত্তি করা যেতে পারে। প্রতিদিন করবেন না, একদিন বাদ দিয়ে দিয়ে এই ব্যায়াম অভ্যাস করুন।
পায়ের ব্যায়াম: সাধারণত থাইয়ের ভেতরের দিকটা আলগা হয়ে যায় ওজন কমানোর পর। লাঞ্জেস এবং স্কোয়াটসের বিভিন্ন ধরন পা সুগঠিত রাখতে সাহায্য করে। বাঁ পাশ ফিরে শুয়ে পড়ুন আপনার ব্যায়ামের মাদুরের উপর। বাঁ পা সোজা থাকবে। ডান পা তুলে সামনে প্রসারিত করুন, যেন বাঁ পায়ের সঙ্গে ৯০ ডিগ্রি কোণ তৈরি হয়। এই অবস্থায় আসার পর কনুই মাটিতে রেখে শরীরটাকে উপরে তুলুন। তারপর শুধু পায়ের পাতা মাটিতে ভর দিয়ে রেখে বাঁ পা-ও ধীরে ধীরে মাটি থেকে তুলুন। ডান পায়ের অবস্থান কিন্তু বদলাবে না। দেখবেন, থাইয়ের ভেতরের দিকে টান অনুভব করবেন। দশ সেকেন্ড ধরে রাখার পর ডান পা দিয়ে এই ব্যায়াম করুন। থাই খুব আলগা হলে সপ্তাহে চারদিন এই ব্যায়াম করা যেতে পারে।
পেটের ব্যায়াম: হাঁটু ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করে মাটিতে শুয়ে পড়ুন। হাত রাখুন মাথার পিছনে। ঘাড় না বেঁকিয়ে কোমর পর্যন্ত তুলুন, পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার আগের অবস্থানে ফিরে যান। দশ থেকে কুড়ি বার এটি করতে হবে। একদিন অন্তর এই ব্যায়াম করা যায়, এতে আপনার কোরের পেশিগুলো ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। কোর শক্তিশালী হলেই পেটের ফ্যাট কমে যায়।
এই ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাসের মাধ্যমে আপনি ওজন কমানোর পরেও আপনার ত্বককে টানটান রাখতে পারবেন এবং চেহারায় তারুণ্য বজায় থাকবে।