বন্ধু কি শুধুই বন্ধু, নাকি তার চেয়েও বেশি কিছু? ভালোবাসার কথা জানানোর সহজ উপায়

সব প্রেমেই বন্ধুত্বের ছোঁয়া থাকে, তবে সব বন্ধুত্ব মানেই প্রেম নয়। গোল বাঁধে তখনই, যখন আপনি আপনার খুব কাছের কোনো বন্ধুর প্রেমে হাবুডুবু খান। সুন্দর এই সম্পর্ক আরও গভীর হবে, নাকি সবকিছু ভেঙে তছনছ হয়ে যাবে – এই দোলাচলে অনেকেই মনের কথা প্রকাশ করার সাহস পান না।

তবে এমনও তো হতে পারে, আপনার বন্ধুটিও হয়তো মনে মনে আপনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চাইছে। তাই মনের কথা চেপে না রেখে সাহস করে বলে দেওয়াই বুদ্ধিমানের কাজ, তাই না?

বলা যত সহজ, করা তত কঠিন! বুকের গভীরে জমে থাকা ভালোবাসার কথা মুখে এসেও বোবা হয়ে থাকার যন্ত্রণা কম নয়। একদিকে প্রিয় বন্ধুকে হারানোর ভয়, অন্যদিকে না বলতে পারার চাপা অস্বস্তি – এই দ্বন্দ্বে আপনি কোন পথ বেছে নেবেন? বন্ধু যদি প্রত্যাখ্যানও করে, তবু আপনি অন্তত জানাতে পারার শান্তিটুকু পাবেন। তাকে না পেলেও, না বলতে পারার কষ্ট আপনাকে আর তাড়িয়ে বেড়াবে না।

মনোবিদদের মতে, প্রিয় বন্ধুর প্রেমে পড়া অস্বাভাবিক কিছু নয়। এর প্রধান কারণও বন্ধুত্ব। দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝতে পারেন বলেই প্রেমের বীজ অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকে। গল্প, আড্ডা, খুনসুটি, আনন্দ, ভালো-মন্দে পাশে থাকা – এই সবকিছু মিলিয়ে একটা সময় মনে হতে পারে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। আর এই অনুভূতির নামই তো প্রেম! যদি আপনিও আপনার বন্ধুর প্রেমে পড়ে থাকেন, তবে তাকে জানাতে পারেন এই কয়েকটি সহজ উপায়ে:

তাকে আভাস দিন: প্রিয় বন্ধুকে হঠাৎ করে প্রেমের প্রস্তাব দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কী বললে কী হবে – এই ভাবনাতেই কেটে যায় অনেকটা সময়। কিন্তু আপনি যদি সত্যিই তার প্রেমে পড়ে থাকেন, তবে মনের কথা না বলা পর্যন্ত আপনি শান্তি পাবেন না। তবে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে, ভেবেচিন্তে পদক্ষেপ নিন। তাকে হালকা ইঙ্গিত দিতে পারেন। অন্যদের চেয়ে তার প্রতি একটু বেশি মনোযোগ দিন। হয়তো তিনিও একই অনুভূতি পোষণ করেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। তাই ধীরে ধীরে তাকে অনুভব করতে দিন যে আপনি তার প্রেমে পড়েছেন।

সরাসরি বলুন: বন্ধুদের সাথে যেখানে আপনারা প্রায়ই যান, তেমন কোনো পছন্দের জায়গা বেছে নিন। সেটি কোনো সুন্দর দর্শনীয় স্থান হতে পারে, অথবা কোনো পছন্দের রেস্তোরাঁ। তার পছন্দের জায়গা নির্বাচন করুন। সেখানে গিয়ে তাকে আপনার মনের সব কথা খুলে বলুন। তবে প্রথমেই প্রেমের প্রস্তাব দেবেন না! আপনার মনের অবস্থা, কেমন অনুভূতি হচ্ছে – তা খোলাখুলিভাবে জানান। এরপর তাকে বলুন যে এই অনুভূতিগুলো তার জন্যই। আপনার এখন কী করা উচিত, সেই বিষয়ে তার পরামর্শও জানতে চান। তাকে হ্যাঁ বলার জন্য কোনোভাবেই জোর করবেন না।

চিঠি কিংবা উপহার: মানছি যুগ অনেক এগিয়েছে, তবে দামী গ্যাজেটের ভিড়ে আজও একটি আবেগপূর্ণ চিঠির আবেদন অমলিন। তাই প্রিয় বন্ধুকে প্রেমের কথা জানাতে চিঠির সাহায্য নিতে পারেন। আপনার মনের সব কথা মন খুলে লিখে ফেলুন। এরপর সেটি পোস্ট করে দিন তার ঠিকানায়। চিঠির সাথে তার পছন্দের কোনো উপহারও পাঠাতে পারেন। ফিরতি চিঠিতে তিনি যেন তার মনের কথা জানান, সেকথাও লিখতে ভুলবেন না। আপনার অপেক্ষার প্রহর হয়তো শেষ হবে।

মাঝরাতে হঠাৎ ফোন: দিনের বেলায় নানা কাজের চাপে মন কিছুটা অস্থির থাকে। রাতের নীরবতা মনে প্রশান্তি এনে দেয়। তাই বন্ধুকে প্রেমের কথা জানানোর জন্য রাত হতে পারে উপযুক্ত সময়। রাতে আলাদা করে তার খোঁজখবর নিন। একটা সময় এটি অভ্যাসে পরিণত হবে। এরপর আপনি মেসেজ না দিলেও দেখবেন তিনি আপনার খোঁজ নিচ্ছেন। একটি আলাদা টান তৈরি হবে। একটা সময় আপনি বুঝতে পারবেন, আসলে তিনি কী চান, আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত কি না। যদি ইতিবাচক মনে হয়, তবে হঠাৎ একদিন মাঝরাতে ফোন করে আলতো করে বলে দিন – ‘ভালোবাসি’।