আজকাল অনেকেই মুখ ভর্তি দাড়ি রাখছেন। কারণ, এটাই এখনকার ‘হট ফ্যাশন’! রণবীর সিং থেকে বিরাট কোহলি—সকলেই নিজেদের ফ্যাশনে স্টেটমেন্টে দাড়ি রেখেছেন। আর তাদের দেখাদেখি তরুণ প্রজন্মের অনেকেই দাড়ি রাখার জন্য উৎসাহিত হচ্ছেন। কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো আর সবসময় উপায় থাকে না! এমন অনেক যুবক আছেন, যাদের দাড়ি-গোঁফ তেমনভাবে গজায় না। ফলে ইচ্ছে থাকলেও এই ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলা অনেকের পক্ষেই সম্ভব হয় না।
অবশ্য আজকাল বাজারে এমন কিছু তেল বা লোশন পাওয়া যায়, যা মাখলে দ্রুত দাড়ি-গোঁফ গজায় এবং ঘনত্ব বাড়ে। কিন্তু সেগুলোর দাম বেশ চড়া। তাছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আশঙ্কাও থাকে। তাহলে উপায়? এমন বেশ কয়েকটি সহজ উপায় আছে, যা দ্রুত দাড়ি-গোঁফ গজাতে সাহায্য করে এবং দাড়ির ঘনত্বও বাড়ায়। আসুন, সেই উপায়গুলো জেনে নেওয়া যাক:
দ্রুত দাড়ি বৃদ্ধির জন্য এই ৮টি কার্যকরী উপায় মেনে চলুন:
১) অনেকেরই ধারণা, বারবার দাড়ি কাটলে দাড়ি বেশি ঘন হয়। কিন্তু এই ধারণার তেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যদি দাড়ি বাড়াতে চান, তাহলে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ পর পর ছাঁটুন।
২) পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার। পেঁয়াজের রস মুখে ও দাড়ির গোড়ায় লাগাতে পারলে, তা দাড়ি দ্রুত বাড়তে সাহায্য করে।
৩) ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করলে দাড়ি দ্রুত গজাবে এবং দাড়ির ঘনত্বও বাড়বে।
৪) মুখের ত্বক পরিষ্কার রাখা জরুরি। দিনে অন্তত ২-৩ বার উষ্ণ জলে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। এর ফলে নতুন দাড়ি গজাতে সুবিধা হবে।
৫) যদি কোঁকড়ানো দাড়ি বিক্ষিপ্তভাবে থাকে, তাহলে সেগুলো কেটে ফেলুন। এই ধরনের দাড়ি দাড়ির সামগ্রিক বৃদ্ধিতে সমস্যা তৈরি করতে পারে।
৬) ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি দ্রুত বাড়াতে এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারেন।
৭) প্রতিদিন অন্তত দুবার ১০ মিনিট করে মুখে হালকাভাবে মালিশ করুন। এর ফলে মুখমণ্ডলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যা দাড়ি দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।
৮) সপ্তাহে অন্তত একবার মুখে স্ক্রাব করুন। এর ফলে মুখের মৃত কোষগুলো পরিষ্কার হবে এবং মুখমণ্ডলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে নতুন দাড়ি গজাতে সুবিধা হবে।