প্লাস্টিক নয়, চুলের যত্নে ভরসা রাখুন কাঠের চিরুনির উপর! জানুন এর অবিশ্বাস্য উপকারিতা

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল কে না চান? চুলের যত্ন নেওয়ার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি। তবে জানেন কি, আপনার চিরুনিও চুলের স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, চুল ভালো রাখতে প্লাস্টিকের চিরুনির পরিবর্তে কাঠের চিরুনি ব্যবহার করা অনেক বেশি উপকারী। কাঠের চিরুনি ব্যবহারের একাধিক স্বাস্থ্যকর দিক রয়েছে। আসুন, জেনে নেওয়া যাক সেই উপকারিতাগুলি:
১. প্রাকৃতিক তেল বিতরণে সহায়ক: কাঠের চিরুনি মাথার ত্বকে থাকা প্রাকৃতিক তেল (Sebrum) চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। এর ফলে আপনার চুল স্বাভাবিকভাবেই মোলায়েম ও মসৃণ থাকে এবং চুলের রুক্ষতা কমে যায়।
২. চুলের ক্ষতি কমায়: প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় যে সামান্য তাপ উৎপন্ন হয়, তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। এর ফলে চুল ভেঙে যাওয়া বা আগা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঠের চিরুনি ব্যবহারে এই ঝুঁকি একেবারেই নেই। কাঠ তাপ পরিবাহী না হওয়ায় চুল অক্ষত থাকে।
৩. মাথার ত্বক পরিষ্কার রাখে: কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথার ত্বকে জমে থাকা ধুলো ও ময়লা সহজেই বেরিয়ে আসে। প্লাস্টিকের চিরুনিতে যে স্থির বিদ্যুৎ (Static Electricity) উৎপন্ন হয়, তার কারণে উল্টে ধুলো-ময়লা চুলের ভেতরেই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঠের চিরুনি এই সমস্যা থেকে মুক্তি দেয়।
৪. রক্ত সঞ্চালন বাড়ায়: কাঠের চিরুনি দিয়ে মাথার ত্বক আলতোভাবে ম্যাসাজ করার মতো কাজ করে। এর ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। উন্নত রক্ত সঞ্চালন চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে।
৫. খুশকি কমাতে সহায়ক: নিয়মিত কাঠের চিরুনি ব্যবহার করে চুল আঁচড়ালে মাথার ত্বকের শুষ্কতা কমে এবং খুশকি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। কাঠের মসৃণতা মাথার ত্বকের মৃত কোষ আলতোভাবে সরিয়ে ফেলতে সাহায্য করে।
৬. চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমায়: কাঠের চিরুনি সাধারণত মোলায়েম হয়ে থাকে। এর দাঁতগুলোও মসৃণভাবে তৈরি করা হয়, যা চুলে জট পড়লেও খুব সহজে ছাড়াতে সাহায্য করে। ফলে চুল আঁচড়ানোর সময় চুল ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
সুতরাং, সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে আজই আপনার প্লাস্টিকের চিরুনি পরিবর্তন করে কাঠের চিরুনি ব্যবহার শুরু করুন। প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়ার এটি একটি সহজ ও কার্যকর উপায়।