প্লাস্টিকের বোতল এবং পাত্র আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। জল পান করা থেকে শুরু করে খাবার সংরক্ষণ পর্যন্ত, সর্বত্রই এর ব্যবহার দেখা যায়। তবে অনেকেই হয়তো খেয়াল করেননি, প্রতিটি প্লাস্টিকের বোতল বা পাত্রের নিচের দিকে একটি ত্রিভুজাকৃতির ছাঁচের মধ্যে কিছু নম্বর লেখা থাকে। এই নম্বরগুলো আসলে এক ধরনের সংকেত, যা ওই প্লাস্টিকের পাত্রটি কত দিন বা কত বার ব্যবহার করা উচিত, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। জি ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
আসুন, জেনে নেওয়া যাক প্লাস্টিকের বোতলের নিচের নম্বরগুলোর অর্থ:
১) ত্রিভুজের মধ্যে ‘১’:
যদি কোনো প্লাস্টিকের পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘১’ লেখা থাকে, তার অর্থ হলো পাত্রটি পলিথাইলিন টেরেপথ্যালেট (Polyethylene Terephthalate) জাতীয় পলিথিন দিয়ে তৈরি। এই ধরনের প্লাস্টিকের পাত্রগুলো শুধুমাত্র একবার ব্যবহারের জন্য উপযুক্ত। একবারের বেশি এগুলো ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
২) ত্রিভুজের মধ্যে ‘২’:
পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘২’ লেখা থাকলে বুঝতে হবে সেটি ঘন, অস্বচ্ছ পলিথিন বা হাই-ডেনসিটি পলিইথিলিন (High-Density Polyethylene – HDPE) জাতীয় পলিথিন দিয়ে তৈরি। সাধারণত শ্যাম্পু, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনারের বোতল এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি হয়। এগুলোতে খাবার বা কোনো রকম পানীয় রাখা একেবারেই স্বাস্থ্যকর নয়।
৩) ত্রিভুজের মধ্যে ‘৩’:
যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৩’ লেখা থাকে, তাহলে সেই পাত্র পলিভিনিল ক্লোরাইড (Polyvinyl Chloride – PVC) দিয়ে তৈরি। খাবারের শক্ত মোড়ক বা রান্নার তেলের পাত্র এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি করা হয়। একবারের বেশি এগুলো ব্যবহার করা উচিত নয়।
৪) ত্রিভুজের মধ্যে ‘৪’:
পাত্রের নিচে ‘৪’ লেখা থাকলে তার অর্থ হলো, এই ধরনের পাত্র লো-ডেনসিটি পলিইথিলিন (Low-Density Polyethylene – LDPE) জাতীয় পলিথিন দিয়ে তৈরি। এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় জল বা খাবার রাখা যেতে পারে। তবে এক সপ্তাহের বেশি ব্যবহার না করাই ভালো।
৫) ত্রিভুজের মধ্যে ‘৫’:
যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৫’ লেখা থাকে, তাহলে সেই ধরনের পাত্র ব্যবহার করা তুলনামূলকভাবে নিরাপদ। সসের বোতল, জলের বোতল বা সিরাপের বোতল সাধারণত এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি হয়।
৬) ত্রিভুজের মধ্যে ‘৬’:
পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৬’ লেখা থাকলে বুঝতে হবে সেটি পলিস্টিরিন (Polystyrene – PS) বা স্টাইরোফোম জাতীয় উপাদান দিয়ে তৈরি। এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি পাত্রে খাবার গরম রাখা একেবারেই স্বাস্থ্যকর নয়। আর বেশিবার ব্যবহার না করাই উচিত।
৭) ত্রিভুজের মধ্যে ‘৭’:
যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৭’ লেখা থাকে, তাহলে সেই ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। খাবার বা কোনো রকম পানীয় রাখা একেবারেই উচিত নয়। এই নম্বরযুক্ত প্লাস্টিক বিভিন্ন ধরনের রিসাইকেল না করা যায় এমন প্লাস্টিক বা একাধিক প্লাস্টিকের মিশ্রণে তৈরি হয়ে থাকে।
প্লাস্টিকের বোতল বা পাত্র ব্যবহারের আগে তার নিচের নম্বরটি দেখে নেওয়া আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। এই সহজ তথ্যটি জেনে আমরা ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলতে পারি এবং নিজেদের সুস্থ রাখতে পারি।