প্রক্রিয়াজাত মাংস কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? জানালো নতুন গবেষণা

বার্গার কিংবা পিজ্জার স্বাদে একটুখানি সসেজ আর সালামি যোগ করলে যেন তার স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। ছোট-বড় প্রায় সকলেই বেশ তৃপ্তি নিয়েই এই প্রক্রিয়াজাত মাংস খেয়ে থাকেন। তবে, এই সামান্য সংযোজনই আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা।

কানাডার হ্যামিল্টনের বিজ্ঞানীরা কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকির সঙ্গে প্রক্রিয়াজাত মাংস খাওয়ার একটি সুস্পষ্ট যোগসূত্র খুঁজে পেয়েছেন। তবে একই গবেষণায় অপ্রক্রিয়াজাত লাল মাংস অথবা হাঁস-মুরগির মাংসের সঙ্গে এই ধরনের কোনো সম্পর্ক দেখা যায়নি।

পাঁচটি মহাদেশের ২১টি দেশ থেকে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৭ জন ব্যক্তির খাদ্যতালিকা এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। প্রায় এক দশক ধরে এই অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণে রাখার পর বিজ্ঞানীরা জানতে পেরেছেন, যারা সপ্তাহে ১৫০ গ্রাম বা তার বেশি প্রক্রিয়াজাত মাংস খেয়েছেন, তাদের কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৬ শতাংশেরও বেশি।

ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের (পিএইচআরআই) গবেষক মাহশিদ দেহহান এই প্রসঙ্গে বলেন, “প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে অল্প পরিমাণে অপ্রক্রিয়াজাত মাংস গ্রহণ সম্ভবত ক্ষতিকর নয়।” অংশগ্রহণকারীদের খাদ্যগ্রহণের অভ্যাসের তালিকা এবং তাদের মৃত্যুহার ও কার্ডিওভাসকুলার রোগের তথ্য সংগ্রহ করা হয়েছিল। এর মাধ্যমেই গবেষকরা মাংস খাওয়ার ধরন এবং হৃদরোগের ঘটনা ও মৃত্যুর হারের মধ্যেকার সম্পর্কটি স্পষ্ট করতে সক্ষম হয়েছেন।

গবেষকদের বিশ্বাস, এই ফলাফলগুলো প্রক্রিয়াজাত মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করে।