পালং পনির নয়, এবার শীতে বানান স্পেশ্যাল ‘পালং চিকেন’! রেসিপি জানলে জিভে জল আসবে

উত্তুরে হাওয়ার পরশ লাগতেই ভোজনরসিকরা এখন চনমনে। শীতকাল মানেই বাজারে টাটকা শাকসবজির সমাহার, যা দিয়ে চলে দেদার পেটপুজো। এই মরশুমের সেরা সবজির মধ্যে অন্যতম হল পালং শাক, যা দিয়ে আমিষ-নিরামিষ দুরকম পদই দারুণ জমে।

ভারতীয়দের মধ্যে পালং পনির অত্যন্ত জনপ্রিয় হলেও, একঘেয়েমি কাটাতে এই শীতে আপনি বানিয়ে ফেলতে পারেন ‘পালং চিকেন’। পুষ্টিগুণের সঙ্গে স্বাদের দুর্দান্ত মেলবন্ধনে এই পদ লাঞ্চ বা ডিনারের মেনু করবে সম্পূর্ণ। কীভাবে বানাবেন এই লোভনীয় রেসিপি, রইল তার সহজ প্রণালী।

শীতের স্পেশ্যাল: পালং চিকেন রেসিপি
উপকরণ:
চিকেন: মাঝারি টুকরো করে কাটা (পরিমাণ মতো)

পালং শাক: ব্লাঞ্চ করে রাখা

পেঁয়াজ বাটা: পরিমাণ মতো

আদা-রসুন বাটা: পরিমাণ মতো

টমেটো পিউরি: পরিমাণ মতো

ফেটানো টক দই: পরিমাণ মতো

ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো: পরিমাণ মতো

গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো: পরিমাণ মতো

গ্রেটেড জায়ফল (Nutmeg): সামান্য

কাঁচা লঙ্কা: কয়েকটি

নুন: স্বাদমতো

ঘি/তেল: রান্নার জন্য

ফ্রেশ ক্রিম: সাজানোর জন্য (ঐচ্ছিক)

প্রণালী:
১. ম্যারিনেশন: চিকেনের টুকরোগুলিকে পেঁয়াজ বাটা, আদা ও রসুনের পেস্ট, কাঁচালঙ্কা (চেরা), নুন, গোলমরিচ গুঁড়ো এবং ফেটানো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে কমপক্ষে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ২. পালং শাকের পেস্ট: ব্লাঞ্চ করে রাখা পালং শাক ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর জল ঝরিয়ে নিয়ে মিহি করে পেস্ট করে নিন। ৩. রান্না শুরু: কড়াইতে ঘি বা তেল গরম করে গোটা গরম মশলা ফোরন দিন। সুগন্ধ বেরোলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। ৪. কষানো: কড়া আঁচে মাংস কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং টমেটো পিউরি যোগ করুন। ৫. রান্না ও মিশ্রণ: সামান্য গরম জল দিয়ে মিনিট দশেক রান্না করুন। এরপর এতে পালং শাক বাটা এবং গ্রেটেড জায়ফল গুঁড়ো মিশিয়ে দিন। ৬. শেষের পরশ: মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিন। তেল ওপরে উঠে এলে সামান্য ফ্রেশ ক্রিম ছড়িয়ে আঁচ বন্ধ করুন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু পালং চিকেন।