পনির রান্নায় শুধু স্বাদ থাকেনা, স্বাস্থ্য সুরক্ষায় এই খাবারের গুণ অসামান্য!- জেনেনিন এক নজরে

দুধ থেকে তৈরি খাবার পনির শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্যও এটি অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সহ আরও অনেক পুষ্টিকর উপাদান। পনির হৃদরোগ ও ক্যানসার প্রতিরোধ, হাড় ও দাঁত মজবুত রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ শরীরের নানা উপকারে আসে।

পনিরের দীর্ঘ ইতিহাস
ঠিক কবে থেকে পনির তৈরির কাজ শুরু হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হয়, প্রায় ৮-১০ হাজার বছর আগে থেকে মানুষ পনির খেয়ে আসছে। গ্রিক পুরাণে পনিরের কথা উল্লেখ আছে, তেমনি মিশরের প্রাচীন ম্যুরালেও পনির তৈরির চিত্র দেখা যায়। রোমান সাম্রাজ্যে, বিশেষ করে জুলিয়াস সিজারের শাসনামলে বেশ কয়েক ধরনের পনির তৈরি হতো বলেও জানা যায়।

বর্তমানে বাজারে যেসব পনির বেশি দেখা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: চ্যাডার, মোজারেলা, পারমেসান, আসিয়াগো, বেবিবেল, ফেটা, মন্টেরে জ্যাক, গ্রুয়েরে, প্রভোলোন, গোউডা, রিকোটা এবং সালাটা।

পনির কেন উপকারী?
পনিরের স্বাস্থ্যগত উপকারিতা অনেক। নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

প্রচুর প্রোটিন: পনিরে প্রচুর প্রোটিন থাকে, যা সহজে হজম হয়। প্রোটিন শরীর গঠন ও শক্তি যোগাতে অপরিহার্য। যারা নিরামিষভোজী, তাদের প্রোটিনের চাহিদা পূরণে পনির একটি চমৎকার বিকল্প।

কার্বোহাইড্রেট: শরীরের জ্বালানি হলো কার্বোহাইড্রেট, যা শক্তি উৎপাদন ও শরীর সচল রাখতে জরুরি। পনিরে থাকা কার্বোহাইড্রেট গ্লুকোজ ও চিনিতে রূপান্তরিত হয়। তবে কার্বোহাইড্রেটের পরিমাণ নির্ভর করে আপনি কোন ধরনের পনির খাচ্ছেন তার ওপর।

উপকারী ফ্যাট: পনিরে শরীরের জন্য উপকারী ফ্যাট থাকে। প্রতিদিন পরিমিত পরিমাণে পনির খেলে শরীর সুস্থ থাকে।

মজবুত হাড়ের জন্য: পনিরে প্রচুর ক্যালসিয়াম থাকে। অনেক ধরনের পনিরে ভিটামিন বি ও বি কমপ্লেক্সও পাওয়া যায়। তাই মজবুত হাড় তৈরিতে পনির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়াম ও খনিজ বেশি থাকায় বাড়ন্ত শিশুদের জন্য পনির খুবই উপকারী।

হৃদপিণ্ড ভালো রাখে: পনির হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। এতে থাকা উপকারী ফ্যাট, পটাশিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সচল রাখে। তবে বিশেষজ্ঞরা সবসময় পরিমিত পনির খাওয়ার পরই এই উপকারিতা পাওয়ার পরামর্শ দেন।

ক্যানসার প্রতিরোধ: পনিরে লাইনোলিক অ্যাসিড ও স্ফিনজোলিপিড প্রচুর পরিমাণে থাকে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষকরা ধারণা করছেন, পনির কোলন ক্যানসারও প্রতিরোধ করতে পারে।

অস্টিওপোরোসিস প্রতিরোধ: গবেষকরা বলছেন, নিয়মিত পনির ও অন্যান্য দুগ্ধজাত খাবার খেলে হাড়ের জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ করা যায়।

সুস্থ দাঁতের জন্য: ক্যালসিয়াম ও ফসফরাস বেশি থাকায় পনির দাঁত মজবুত রাখতে সাহায্য করে।

মানসিক চাপ কমায়: মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পনির ভালো ভূমিকা রাখে বলে জানা গেছে। এতে ম্যাগনেসিয়াম থাকায় অল্প পরিমাণে পনিরও আপনাকে ফুরফুরে মেজাজ দিতে পারে।

মস্তিষ্ক সতেজ রাখে: পনিরে প্রচুর ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্ক সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: কিছু ধরনের পনিরে প্রচুর জিংক থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পনিরে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়িয়ে দেয়, যা সার্বিকভাবে স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে।

তবে, শরীরের জন্য উপকারী এই পনিরের যথাযথ উপকারিতা পেতে গবেষকরা পরিমিত পরিমাণেই তা খাওয়ার পরামর্শ দেন।