নজরকাড়া হতে চান অনুষ্ঠানে? বিশেষজ্ঞরা বলছেন, গ্ল্যামার বাড়াতে বেছে নিন ‘ইলিউমিনেটিং মেকআপ’

যে কোনো পার্টি বা অনুষ্ঠানে নিজেকে নজরকাড়া করে তুলতে শুধু পোশাকই যথেষ্ট নয়, দরকার পোশাকের সঙ্গে মানানসই মেকআপ। ভিড়ের মধ্যে অনন্য অসাধারণ হতে চাইলে রূপচর্চার বিশেষজ্ঞরা ভরসা রাখতে বলছেন ‘ইলিউমিনেটিং মেকআপ’-এর উপর। এই মেকআপ আপনার ত্বকে এমন ঔজ্জ্বল্য দেবে, যা দূর থেকেও নজর কাড়বে, অথচ তাতে কোথাও থাকবে না কৃত্রিমতা।

ন্যাচারাল লুকের মাঝে ইলিউমিনেশন বা প্রাকৃতিক আভা ধরে রাখতে চাইলে কীভাবে করবেন এই মেকআপ, জেনে নিন সবিস্তারে:

ইলিউমিনেটিং মেকআপের ৮টি ধাপ
১. প্রাইমার (Primer): মেকআপ শুরু করুন ইলিউমিনেটিং প্রাইমার দিয়ে। এটি ত্বকের উপরে একটি মসৃণ পরত তৈরি করে মেকআপ করা সহজ করে তোলে এবং কৃত্রিম প্রসাধনীর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। ময়শ্চারাইজ করার পর আঙুলের ডগায় প্রাইমার নিয়ে গাল, কপাল, নাক ও চিবুকে লাগিয়ে আলতো হাতে ব্লেন্ড করে নিন।

২. ফাউন্ডেশন ও কনসিলার: ত্বকের নানা ছোপ জাতীয় দাগ উধাও করতে প্রথমে ইলিউমিনেটিং ফাউন্ডেশন ও পরে কনসিলার ব্যবহার করুন। এতে ডার্ক সার্কল ও পিম্পলের মতো দাগ সহজে ঢাকা পড়ে যাবে।

৩. হাইলাইটার (The Highlight): এই মেকআপ হাইলাইটার ছাড়া অসম্পূর্ণ। হাতে কয়েক ফোঁটা লিকুইড হাইলাইটার নিয়ে চিকবোন থেকে নাক অবধি লাগান। আস্তে আস্তে তা ত্বকের সঙ্গে মিলিয়ে দিন। চাইলে হাইলাইটারের সঙ্গে ফাউন্ডেশনও মিশিয়ে নিতে পারেন। লিকুইড হাইলাইটারে স্বাচ্ছন্দ না হলে ব্লাশারও ব্যবহার করা যেতে পারে।

৪. বেস মেকআপ (Base Makeup): বেস মেকআপের জন্য এমন ফেস পাউডার পছন্দ করুন, যাতে শিমার রয়েছে। ত্বকের রং ও এর ধরন অনুযায়ী শিমারিং ফেস পাউডার লাগান। এটি ফাউন্ডেশন ও কনসিলারকে সেট করবে এবং ত্বককে উজ্জ্বলতা দেবে।

৫. চোখের সাজ (Eye Makeup): চোখের মেকআপের সময়ে ভেতরের কোণ বেশি হাইলাইট করতে হবে। এর জন্য গাঢ় মাস্কারা ব্যবহার করতে পারেন। চোখে আরও গভীরতা চাইলে স্মোকি আইজ-ও করা যেতে পারে।

৬. চিকবোন হাইলাইট: চিকবোন হাইলাইট করার জন্য ব্রাশে ইলিউমিনেটিং পাউডার নিন। গাল দুটো মুখের ভেতরে টেনে নিয়ে (Fish Face) হাইলাইটার লাগান।

৭. ব্লাশ (Brush On Blush): এরপরে ব্রাশ অন ব্লাশ করুন। আপনার কমপ্লেকশন অনুযায়ী ব্লাশার পছন্দ করে গালে লাগান এবং ব্রাশ দিয়ে টেনে টেনে ত্বকে মিলিয়ে দিন।

৮. লিপস্টিক/লিপগ্লস (Final Touch): ইলিউমিনেটিং মেকআপের শেষ অংশ হচ্ছে ঠোঁটের সাজ। আপনার পছন্দ মতো শেডের স্টিক বা লিপগ্লস এবার ঠোঁটে লাগান।

এই ধাপে ধাপে মেকআপের পর আয়নায় নিজেকে দেখুন, ত্বকের অসাধারণ ঔজ্জ্বল্যে চোখ ছানাবড়া হতে বাধ্য!