ত্বকের সমস্যায় হরমোনের কারসাজি? বিশেষজ্ঞের পরামর্শে জানুন সমাধান

ত্বকের নানা সমস্যায় আমরা প্রায়ই ভোগি। কিন্তু অনেকেই জানি না যে, হরমোনের তারতম্যের কারণেও ত্বকে দেখা দিতে পারে নানা জটিলতা। এ বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমোন রোগ বিশেষজ্ঞ মো. মাজহারুল হক তানিম। তার দেওয়া তথ্য নিয়ে লিখেছেন আতিফ আতাউর।

হরমোন, যাকে আমরা ‘প্রাণরস’ বলি, তা শরীরের এক জায়গা থেকে নিঃসৃত হয়ে সারা শরীরে কাজ করে। আমাদের শরীরে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই রস নিঃসৃত হয় এবং কাছাকাছি অথবা দূরে গিয়ে কাজ করে। মানবশরীরে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; বলতে গেলে আমাদের পুরো জীবনকালকে নানাভাবে হরমোন নিয়ন্ত্রণ করে।

হরমোনের তারতম্য ও ত্বকের সমস্যা
হরমোনের যেমন নানা উপকারী দিক আছে, তেমনি এর তারতম্যের কারণেও শরীরে নানা সমস্যা দেখা দেয়। কিছু হরমোনের কারণে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে, যা নিচে আলোচনা করা হলো:

শুষ্ক ত্বক ও চুল পড়া: শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি থাকলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। এতে সহজেই চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। চুল পড়ারও অন্যতম কারণ এই থাইরয়েড হরমোনের ঘাটতি।

ডায়াবেটিস ও ত্বকের সংক্রমণ: বিশ্বব্যাপী ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যার অন্যতম কারণ হরমোন জটিলতা। ডায়াবেটিসের কারণে মুখে ঘা, পায়ে ঘা, এমনকি হাত ও পায়ের নখেও সংক্রমণ দেখা দেয়। এর ফলে ত্বকে চুলকানির মতো সমস্যা হতে পারে।

নারীদের শরীরে অ্যান্ড্রোজেন বৃদ্ধি: নারীদের শরীরে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন বেড়ে গেলে মুখে ও পিঠে ব্রণ হতে পারে। মুখে অবাঞ্ছিত লোম গজানোর লক্ষণ প্রকাশ পায়। কোনো কোনো নারীর ক্ষেত্রে পুরুষের মতো টাক পড়তেও দেখা যায়।

স্টেরয়েড হরমোনের আধিক্য: শরীরে স্টেরয়েড হরমোনের আধিক্য হলে মুখ লালচে দেখাতে পারে এবং মুখ ফুলে যেতে পারে। এছাড়া ঘাড়ে চর্বি জমে ঘাড় ফুলে যাওয়ার মতো লক্ষণও প্রকাশ পেতে পারে।

কালো দাগ ও ফ্যাকাসে ত্বক: হরমোনের কারণে ওজন বেড়ে গিয়ে গাল, ঘাড়, গলা ও বগলে কালো দাগ দেখা দিতে পারে। পিটুইটারি গ্রন্থিতে হরমোন নিঃসরণ কমে গেলে ত্বক ফ্যাকাসে দেখানোর লক্ষণ প্রকাশ পায়।

অতিরিক্ত ঘাম ও অ্যালার্জি: থাইরয়েড হরমোনের আধিক্য হলে অতিরিক্ত ঘাম হতে পারে। ইনসুলিন দেওয়ার কারণে ত্বকে অ্যালার্জি হয়ে ত্বক ফুলে যেতে পারে।

অ্যাড্রেনাল হরমোন ও কালো দাগ: অ্যাড্রেনাল হরমোনের ঘাটতির কারণে জিহ্বা, হাত ও কাটা জায়গায় কালো দাগ দেখা যায়।

পুরুষের সেক্স হরমোনের ঘাটতি: পুরুষের সেক্স হরমোনের ঘাটতি থাকলে দাড়ি-গোঁফ কম গজায়। দীর্ঘদিন পর পর শেভ করাও এর একটি লক্ষণ।

করণীয় ও সুস্থ জীবনধারা
উপরোক্ত সমস্যাগুলোর জন্য একজন হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সমস্যাগুলো সম্পর্কে জেনে নেওয়া ভালো। যথাযথ চিকিৎসায় হরমোনজনিত যেকোনো অসুখ থেকেই পরিত্রাণ পাওয়া সম্ভব। এছাড়াও, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপমুক্ত থাকা এবং পর্যাপ্ত ঘুম শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অভ্যাসগুলো অনুসরণ করে আপনি সুস্থ ও প্রাণবন্ত ত্বক পেতে পারেন।