দীর্ঘদিন খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের গুরুত্ব অপরিসীম। কমবেশি সব বাড়িতেই এই অত্যাবশ্যকীয় যন্ত্রটির স্থান করে নিয়েছে। ঠান্ডা রাখার মাধ্যমে ফ্রিজ যেকোনো খাবারকে দীর্ঘদিন সতেজ রাখতে পারে। বাজারে বিভিন্ন দাম ও ব্র্যান্ডের ফ্রিজ সহজলভ্য হওয়ায় খাবার সংরক্ষণ এখন আর কোনো কঠিন কাজ নয়।
প্রতিটি রেফ্রিজারেটরের দুটি প্রধান অংশ থাকে—ডিপ ফ্রিজ বা ফ্রিজার এবং সাধারণ ফ্রিজ বা রেফ্রিজারেটর। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্রিজের অংশে উজ্জ্বল আলোযুক্ত অটোমেটিক লাইট থাকলেও, ডিপ ফ্রিজের অভ্যন্তরে কোনো আলোর ব্যবস্থা থাকে না। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন ডিপ ফ্রিজে অটোমেটিক লাইট থাকে না?
ডিপ ফ্রিজে মূলত কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করা হয়। এছাড়াও অনেকে ফ্রোজেন খাবার ও রান্না করা খাদ্যদ্রব্য দীর্ঘদিনের জন্য জমা রাখেন। ফ্রিজারের অংশটি সাধারণত আকারে ছোট হওয়ায় এটি বেশ আঁটসাঁট থাকে। ফলে প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করতে প্রায়শই বেশ বেগ পেতে হয়। রাতের বেলা বা ঘরে পর্যাপ্ত আলো না থাকলে এই সমস্যা আরও প্রকট হয়।
ডিপ ফ্রিজে লাইট সংযুক্ত না থাকার যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যক্ষ রবার্ট এইচ. ফ্র্যাংক। তিনি জানান, এর প্রধান কারণ হলো ‘কস্ট-ম্যানেজমেন্ট’ অর্থাৎ খরচ কমানোর পরিকল্পনা। একটি ডিপ ফ্রিজে অটোমেটিক লাইট স্থাপন করার খরচ, সাধারণ ফ্রিজে অটোমেটিক লাইট লাগানোর মতোই। ফলে সামগ্রিক উৎপাদন খরচ অনেক বেড়ে যায়।
অবশ্যই ডিপ ফ্রিজে আলোর প্রয়োজন হয়, যাতে ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে নিতে পারেন। তবে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে এই সুবিধাকে অনেক সময় উপেক্ষা করা হয়।
কিছু রেফ্রিজারেটর প্রস্তুতকারক কোম্পানি অবশ্য ফ্রিজার অর্থাৎ ডিপ ফ্রিজে অটোমেটিক লাইট যুক্ত করার বিষয়ে ভাবছে। তবে এই ধরনের রেফ্রিজারেটরগুলির দাম হবে অত্যন্ত বেশি, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। তাই আপাতত বেশিরভাগ ডিপ ফ্রিজেই আলোর অভাব বোধ করতে হবে আমাদের।