সাধারণত চুলের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি। দামি শ্যাম্পু, কন্ডিশনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তেল – সবই ব্যবহার করা হয় এক সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের কামনায়। তবে জানেন কি, আপনার রান্নাঘরের একটি সাধারণ উপাদানই দিতে পারে আপনার চুলের সেই কাঙ্ক্ষিত রূপ? হ্যাঁ, ডিম! স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ডিমের হেয়ার প্যাক সত্যিই খুব কার্যকরী। পাঠকদের জন্য ডিমের তেমনই পাঁচটি সহজ হেয়ার প্যাক তুলে ধরা হলো –
১) ডিম ও অলিভ অয়েল হেয়ার প্যাক:
এই প্যাকটি চুলের রুক্ষতা দূর করে এবং মসৃণতা ফিরিয়ে আনে।
উপকরণ:
২টি ডিম
২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
ব্যবহার বিধি:
প্রথমে একটি পাত্রে ডিম দুটি ভেঙে নিন এবং তার সঙ্গে ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মেশান। এই মিশ্রণটি চুলের স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
২) ডিম, দুধ ও মধুর হেয়ার প্যাক:
এই প্যাকটি চুলকে মজবুত করে এবং ময়েশ্চারাইজড রাখে।
উপকরণ:
২টি ডিম
২ চামচ মধু
২ টেবিল চামচ দুধ
ব্যবহার বিধি:
একটি পাত্রে ডিম দুটি ভেঙে নিন। তার সঙ্গে ২ চামচ মধু ও ২ টেবিল চামচ দুধ নিয়ে ভালো করে মেশান। এই মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই প্যাকটি ব্যবহার করতে পারেন। দুধে থাকা প্রোটিন চুলকে মজবুত করে এবং মধু চুলকে ময়েশ্চারাইজড করে তোলে।
৩) ডিম ও দইয়ের হেয়ার প্যাক:
এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে এবং খুশকি কমাতে সাহায্য করে।
উপকরণ:
১টি ডিম
পরিমাণ মতো টক দই
ব্যবহার বিধি:
একটি পাত্রে পরিমাণ মতো টক দইয়ের সঙ্গে ডিম মিশিয়ে নিন। এবার চুলের গোড়ায় খুব ভালো করে প্যাকটি লাগান। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
৪) ডিম ও কলার হেয়ার প্যাক:
এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
উপকরণ:
১টি ডিম
১টি পাকা কলা (চটকানো)
সামান্য নারকেল তেল
ব্যবহার বিধি:
একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিন। তাতে একটি পাকা কলা চটকে ভালোভাবে মেশান। এরপর এতে সামান্য নারকেল তেল যোগ করুন। এখন এই মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন।
৫) ডিম, মধু ও লেবুর হেয়ার প্যাক:
এই প্যাকটি চুলের অতিরিক্ত তেল দূর করে এবং ঝলমলে ভাব আনে।
উপকরণ:
১টি ডিম
১ চামচ মধু
১ চামচ লেবুর রস
ব্যবহার বিধি:
একটি পাত্রে ডিমের সাথে ভালো করে লেবুর রস ও মধু মিশিয়ে নিন। এই প্যাকটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো ফল পেতে প্যাক লাগানোর আগের দিন রাতে চুলে হালকা গরম তেল ম্যাসাজ করে নিতে পারেন।
সাবধানতা: ডিম দিয়ে তৈরি যেকোনো প্যাক ব্যবহারের পর অবশ্যই ঠাণ্ডা জল দিয়ে চুল ধুতে হবে। গরম বা হালকা গরম জল ব্যবহার করলে ডিম চুলে জমাট বেঁধে যেতে পারে, যা পরিষ্কার করা কঠিন। এছাড়াও, প্যাক দেওয়ার পর অবশ্যই শ্যাম্পু ব্যবহার করতে হবে।