চুল ফাটার সমস্যায় অস্থির? এই ঘরোয়া প্যাকগুলি ব্যবহার করে দেখুন

চুলের সৌন্দর্য মানুষের ব্যক্তিত্বকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু চুল পড়া, খুশকি বা চুল ফাটার মতো সমস্যাগুলো আমাদের সৌন্দর্য এবং আত্মবিশ্বাস দুটোই কমিয়ে দেয়। বিশেষ করে চুলের আগা ফাটা একবার শুরু হলে তা থামানো কঠিন। এর প্রধান কারণ হলো চুলের পুষ্টির অভাব, সুষম খাদ্য না খাওয়া এবং চুলের সঠিক পরিচর্যার অভাব।

চুলের আগা ফাটা রোধ করতে কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করে দারুণ ফল পাওয়া যায়। পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়াও জরুরি।

চুল ফাটা রোধের কিছু ঘরোয়া সমাধান:

১. কলা:
কলাতে রয়েছে পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং ভিটামিন সি, এ, ও ই। এই উপাদানগুলো চুলকে আর্দ্র রাখে এবং আগা ফাটা রোধ করে। নিয়মিত কলা খাওয়ার পাশাপাশি একটি পাকা কলা, দুই চামচ টক দই, এক চামচ গোলাপজল এবং আধা চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

২. ডিম:
ডিম চুলের জন্য একটি দারুণ পুষ্টিকর খাবার। একটি ডিমের সঙ্গে তিন চামচ আমন্ড অয়েল বা অলিভ অয়েল এবং এক চামচ মধু মিশিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করুন। অলিভ অয়েলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুলের আগা ফাটা রোধে সাহায্য করে। এই মিশ্রণটি চুলে লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

৩. পেঁপে:
পেঁপেতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা চুলে পুষ্টি জোগায় এবং চুলকে মসৃণ ও নরম করে। একটি পেঁপে ব্লেন্ড করে তার সঙ্গে আধা কাপ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

৪. মধু:
মধু ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। এক চামচ মধুর সঙ্গে সামান্য টক দই মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

৫. মসুর ডাল:
মসুর ডাল রূপচর্চায় দারুণ কাজ করে। রাতে কিছুটা মসুর ডাল ভিজিয়ে রাখুন। পরদিন ব্লেন্ড করে তার সঙ্গে এক চামচ মেথি গুঁড়ো এবং এক কাপ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি চুলে লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৬. নারকেল তেল:
চুল ফাটা রোধে নারকেল তেল সবচেয়ে কার্যকর। নিয়মিত নারকেল তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করলে চুল আর্দ্র থাকে এবং পুষ্টি পায়। শ্যাম্পু করার আগের রাতে তেল লাগিয়ে সকালে শ্যাম্পু করলে ভালো ফল পাওয়া যায়।