গ্রীষ্মের তীব্রতায় স্বস্তির পোশাক: জিনস নয়, এখন পরুন এসব বটমওয়্যার!

চৈত্রের শুরু থেকেই কাঠফাটা রোদে বাড়ছে তাপমাত্রার পারদ। গরমের তীব্রতা দিনের পর দিন আরও বাড়ছে এবং শিগগিরই তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে, তা বলাই বাহুল্য। তবে গরমের তীব্রতায় বাইরে কাজ করতে যাওয়ার প্রয়োজন থাকলে, পোশাক নির্বাচনে বেশ চিন্তা হয়। বিশেষ করে, গ্রীষ্মকালে সারা দিন জিনস পরা অনেকের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে গরমে কী পোশাক পরলেই আপনি স্বস্তিতে থাকতে পারবেন? এখানে রইল কয়েকটি আরামদায়ক বটমওয়্যারের পরামর্শ।
১. লিনেনের ট্রাউজার্স
গ্রীষ্মের জন্য আদর্শ ফ্যাব্রিক হিসেবে লিনেন বেশ জনপ্রিয়। গরমে এই ফ্যাব্রিকের পোশাক খুবই আরামদায়ক এবং বাতাস চলাচল সহজ হয়, যা শরীরে সেঁটে যাওয়ার সম্ভাবনা কমায়। লিনেনের ট্রাউজার্স শার্ট, কুর্তা বা টপের সঙ্গে পরলে আরামদায়ক এবং স্টাইলিশ দেখাবে। জিনসের পরিবর্তে এটি একটি ভালো অপশন হতে পারে।
২. সুতির প্যান্ট
গ্রীষ্মকালীন সময়ের জন্য সুতির প্যান্ট অত্যন্ত উপযুক্ত। জিনসের যে সব টপগুলো পরেন, সেগুলো সুতির প্যান্টের সঙ্গেও ভালো লাগবে। দুই-তিনটি সুতির প্যান্ট নিয়ে আপনি ঘুরিয়ে ফিরিয়ে কুর্তা, শার্ট অথবা টপের সঙ্গে পরতে পারবেন। এটি যেমন আরামদায়ক, তেমনি ফর্মাল লুকেও থাকতে পারবেন।
৩. প্রিন্টেড আউটফিট
গ্রীষ্মে হালকা এবং স্টাইলিশ লুকের জন্য প্রিন্টেড প্যান্টের চাহিদা বাড়ে। সুতির উপর ছোট ছোট প্রিন্টের ট্রাউজার্স অফিস কিংবা আউটিংয়ের জন্য দারুণ মানাবে। এটি আপনাকে আরামদায়ক অনুভূতি দেবে, সঙ্গে থাকবে ফ্যাশনেবল লুক।
৪. ঢিলেঢালা পালাজো
গ্রীষ্মকালে আঁটোসাঁটো পোশাক পরলে অস্বস্তি বেড়ে যায়, তাই এই সময়ে ঢিলেঢালা পালাজো পরা বেশ সুবিধাজনক। এটি খুবই আরামদায়ক এবং সমস্ত ধরনের টপ, কুর্তা বা শার্টের সঙ্গে মানিয়ে যায়। রোদের তীব্রতায় পালাজো পরলে তা আপনাকে দিব্যি স্বস্তি দেবে।
৫. সুতির জগার প্যান্ট
অফিসে হয়তো জগার প্যান্ট পরা উপযুক্ত নয়, তবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিংবা ছোটখাটো প্রয়োজনের জন্য বাইরে বের হলে সুতির জগার প্যান্ট বেশ আরামদায়ক এবং স্টাইলিশ। এতে যেমন দেখতে আকর্ষণীয় লাগে, তেমনি গ্রীষ্মের গরমেও স্বস্তি থাকে।
এভাবে গ্রীষ্মকালে পছন্দসই পোশাক পরলে, আপনি তীব্র গরমে আরাম পাবেন এবং ফ্যাশনেও কোন ধরনের আপোস করতে হবে না।