গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৫টি খাবার

গ্যাস্ট্রিকের সমস্যা একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে এই সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। তবে প্রতিদিনের জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এবং খাবারের তালিকায় কিছু সংযোজন ও বিয়োজনের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কিছু খাবার আছে যা আপনার গ্যাসের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে সেই খাবারগুলো বাদ দেওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো কী কী:

মুলা: শীতকালে মুলা বেশ সহজলভ্য। তবে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তবে মুলা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ এটি গ্যাসট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। পেট ব্যথা, পেট ফুলে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই মুলার তরকারি খাওয়ার পর জিরা ভেজানো জল বা পুদিনা খেতে পারেন।

ছোলা: ছোলার উপকারিতা সম্পর্কে আমরা কম-বেশি সবাই জানি। তবে এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যারা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকে ভুগছেন, তাদের সমস্যা আরও বাড়িয়ে দেয় এই ছোলা। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের ছোলা এড়িয়ে চলাই ভালো।

মুখি কচু: মুখি কচুর তরকারি খেতে পছন্দ করেন অনেকে। তবে যাদের গ্যাসের সমস্যা আছে, তাদের জন্য এটি উপকারী নাও হতে পারে। এটি পেটের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়িয়ে দেয়।

কাঁচা কাঁঠাল: কাঁচা কাঁঠালকে সবজি হিসেবে ব্যবহার করা হয়। এটি খেতে বেশ সুস্বাদু এবং অনেকরকম পুষ্টির উৎস। বাঙালির পাতে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি থাকলে আর কিছু লাগে না! তবে সুস্বাদু ও পুষ্টিকর এই সবজি গ্যাস্ট্রিকের রোগীদের জন্য একেবারেই ভালো নয়।

রাজমা: রাজমা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে বেশ জমে। তবে এক্ষেত্রেও কিছু সমস্যা আছে। বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে বড় ছোলার মতো রাজমাও বিপজ্জনক হতে পারে।

গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে হলে এই খাবারগুলো বাদ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত জীবনযাপন করা জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।