মানুষ সামাজিক জীব হলেও কিছু বিষয় আছে, যা খুব বেশি ঘনিষ্ঠ হলেও হুট করে বলে ফেলা ঠিক নয়। সম্পর্কের গভীরতা থাকা সত্ত্বেও কিছু ব্যক্তিগত তথ্য নিজের কাছেই রাখা বুদ্ধিমানের কাজ। এতে যেমন নিজের সম্মান বজায় থাকে, তেমনি সম্পর্কগুলোও অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত থাকে। জেনে নিন তেমনই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ঘনিষ্ঠ বন্ধুর কাছেও বলা উচিত নয়:
১. কারো বিরুদ্ধে অভিযোগ
কেউ কিছু বললেই সে বিষয়ে বন্ধুর কাছে অভিযোগ করা ঠিক নয়। অনেকেই অনিচ্ছাকৃতভাবে বা অসাবধানতাবশত আপনার অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলতে পারে। সে বিষয়ে কারও কাছে অভিযোগ না করে নিজেই সামলানোর চেষ্টা করা উচিত। অন্যের কাছে অভিযোগ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
২. পারিবারিক সমস্যা
পরিবারে বিভিন্ন সময় সমস্যা তৈরি হতে পারে। কিন্তু পরিবারের সব সমস্যা অপরের সঙ্গে আলোচনা করা ঠিক নয়। মনে রাখতে হবে, কোনো পরিবারই নিখুঁত নয়। পারিবারিক সমস্যা নিজেদেরই মিটিয়ে নেওয়া ভালো। অন্যের কাছে সমাধান চাইতে গেলে আপনার পরিবারের বিরুদ্ধে বাজে বা নেতিবাচক কথা শুনতে হতে পারে। এতে নিজের কাছেই খারাপ লাগবে। তাই পারিবারিক বিষয় পরিবারেই সীমাবদ্ধ থাকলে ভালো।
৩. নিজের ভালো কাজ
ঢাকঢোল বাজিয়ে কাউকে দান করার বিষয়টি প্রচার করলে এর উদ্দেশ্য ব্যাহত হয়। তাই যখন ছোটখাটো কোনো সহযোগিতামূলক কাজ করবেন, চুপিসারে করাই ভালো। নিজের ভালো কাজগুলোর কথা গর্ব করে অন্যদের কাছে জানানোর বিষয়টি সবাই ভালোভাবে নাও নিতে পারে। আপনার ভালো কাজগুলো নিজে থেকেই একসময় অন্যদের চোখে পড়বে এবং তাতে প্রকৃত সম্মান অর্জন হবে।
৪. দাম্পত্য জীবনের খুঁটিনাটি
অনেকের দাম্পত্য জীবনে নানা সমস্যা থাকতে পারে। সমস্যাগুলো নিয়ে নিজেদেরই সমাধানের পথে হাঁটা উচিত। মাঝখানে অন্য কাউকে টেনে আনলে তাতে ঝামেলা বাড়ে। কোনো সন্দেহ বা উদ্বেগ তৈরি হলে ঘনিষ্ঠ কারও কাছে সে বিষয়ে শুনে নিতে পারেন, তবে বিষয়টিতে ভারসাম্য রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের বিস্তারিত অন্যদের কাছে না বলাই ভালো। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত পর্যায়েই রাখুন। যৌনজীবনের খুঁটিনাটি নিয়ে অন্যের সঙ্গে গল্প করা কখনোই উচিত নয়, এটি ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে।
৫. অন্যদের সম্পর্কে বাজে কথা
বন্ধুদের সঙ্গে যতই রাগারাগি হোক বা আঘাত আসুক, দুজনের মধ্যকার পার্থক্য দূর করতে চেষ্টা করুন। দুজনের মধ্যকার সম্পর্কের বিষয়টি সবার কাছে বলে বেড়ানোর প্রয়োজন নেই। এতে সম্পর্ক আরও খারাপ হবে। অন্যদের সম্পর্কে কিছু বলার আগে বা গালমন্দর চেয়ে সংযত হওয়া ভালো। এতে নিজের মর্যাদা বাড়ে এবং আপনার ব্যক্তিত্বের ইতিবাচক দিক ফুটে ওঠে।





