গর্ভধারণে ‘সী ফুড’ আশীর্বাদ, নতুন গবেষণায় ভুল ভাঙছে প্রচলিত ধারণা!

খাদ্যতালিকায় সামুদ্রিক মাছের দাম বেশি হওয়ায় হয়তো তা খুব নিয়মিত থাকে না, কিন্তু কম-বেশি আমরা সবাই সামুদ্রিক মাছ খেয়ে থাকি। সামুদ্রিক মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন ডি আমাদের অনেক জটিল রোগ থেকে রক্ষা করে। এছাড়া নিয়মিত সামুদ্রিক মাছ খেলে বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যা থেকেও মুক্ত থাকা যায়।

তবে যুগের পর যুগ ধরে একটি প্রচলিত ধারণা চলে আসছে যে, গর্ভকালীন সময়ে ‘সী ফুড’ বা সামুদ্রিক মাছ খাওয়া ঠিক নয়। অর্থাৎ, গর্ভকালীন সময়ে সামুদ্রিক খাবার এড়িয়ে চলা উচিত। কিন্তু নতুন একটি গবেষণা এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে।

মূলত আগে মনে করা হতো, সামুদ্রিক খাবারে থাকা পারদ (mercury) বিষক্রিয়ায় গর্ভে থাকা শিশুর ক্ষতি হতে পারে। তবে, ‘দ্য জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রায়োনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা বলছে, সামুদ্রিক খাবার গ্রহণ গর্ভকালের জন্য খুবই ভালো। এমনকি যারা গর্ভধারণ করতে চান, তাদের জন্যও এটি উপযোগী। সামুদ্রিক খাবার দ্রুত গর্ভধারণে সহায়ক।

গবেষণা প্রবন্ধের লেখক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি. এইচ. চ্যান বলেন, “গর্ভধারণ ও সন্তান উৎপাদনের জন্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি শক্তিশালী ভূমিকা রয়েছে।” তিনি আরও জানান, ওমেগা-৩ মহিলা স্বাস্থ্যও ভালো রাখতে দারুণ কার্যকরী। যেমন- মাসিক ঋতুচক্র নিয়মিত রাখতে, পুরুষের শুক্রাণুর ঘনত্ব বাড়াতে এবং ভ্রুণের গুণগত মান বজায় রাখতে ওমেগা-৩ দারুণ ভূমিকা পালন করে থাকে।

গবেষণায় স্বীকার করা হয়েছে যে, সামুদ্রিক খাবারে পারদ থাকতে পারে, তবে সব খাবারে থাকে না। গবেষণায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া ৯০ শতাংশ সামুদ্রিক মাছ পারদমুক্ত। এসব মাছ ‘গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ’ ঘোষণা করে বিক্রি করা হয়।