রাতারাতি নতুন দলকে ‘খাম’ প্রতীক দিল কমিশন! ক্ষুব্ধ আইএসএফ বিধায়ক নওশাদ সরাসরি আইনের পথে

দলীয় প্রতীক ‘খাম’ হাতছাড়া হওয়ার পর এবার সরাসরি আইনি লড়াইয়ের পথে হাঁটল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ। নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আসন্ন উপনির্বাচনের ঠিক আগে দলের পুরনো ও পরিচিত প্রতীক ফিরে পেতে আদালতের কড়া নাড়লেন তিনি।
রাজনৈতিক মহল সূত্রে খবর, মাস কয়েক আগের বিধানসভা নির্বাচনে আইএসএফ-এর নির্দিষ্ট প্রতীক ছিল ‘খাম’। কিন্তু সম্প্রতি তৃণমূলের বিদ্রোহী অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে নির্বাচন কমিশন ওই ‘খাম’ প্রতীকটি বরাদ্দ করে। এরপরই আইএসএফের পক্ষ থেকে বিকল্প হিসেবে ‘আলমারি’ প্রতীক ধরিয়ে দেওয়া হয়। আর তাতেই তীব্র আপত্তি জানান নওশাদ।
আদালতে মামলা দায়ের করে নওশাদ শিবিরের প্রশ্ন, যে রাজনৈতিক দলটির এতদিন কোনও অস্তিত্বই ছিল না, তারা কীভাবে রাতারাতি স্বীকৃত দল হিসেবে এই প্রতীক পেয়ে গেল? নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের নেপথ্যে কোন রহস্য রয়েছে, তা নিয়েই উঠেছে বড়সড় প্রশ্ন। দীর্ঘদিনের পরিচিত ‘খাম’ প্রতীক ফিরে পেতে এবং কমিশনের একপেশে নীতির বিরুদ্ধে এই আইনি লড়াই রাজ্য রাজনীতিতে এখন নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই মামলা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।