গরমে জ্ঞান হারালে কী করবেন? জেনে নিন প্রাথমিক চিকিৎসার নিয়ম

অতিরিক্ত গরম আবহাওয়ায় শরীর ডিহাইড্রেশন বা লবণশূন্যতায় ভুগলে মানুষ আচমকা জ্ঞান হারাতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। জ্ঞান হারানো ব্যক্তিকে দেখলে তাৎক্ষণিকভাবে কী করবেন, সেই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে দেওয়া হলো:
প্রথমত, জ্ঞান হারানো ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চলছে কিনা তা ভালোভাবে লক্ষ্য করুন। আক্রান্ত ব্যক্তিকে সাবধানে সোজা করে শুইয়ে দিন। যদি তার সংজ্ঞা না ফেরে, তবে তাকে সামান্য একদিকে কাত করে রাখুন। কখনোই চিৎ বা উপুড় করে শোয়াবেন না। এতে মুখের জমা লালা শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। যদি দেখেন তার নিশ্বাস বন্ধ হয়ে গেছে, তবে মুখে মুখ লাগিয়ে জোরে বাতাস দেওয়ার চেষ্টা করতে পারেন।
আক্রান্ত ব্যক্তির পোশাক যদি টাইট থাকে, তবে তা ঢিলা করে দিন। তার পা দুটো সামান্য উঁচু করে দিন। মাথার দিক সামান্য পেছন দিকে কাত করে থুতনি উঁচু করে ধরুন। খেয়াল রাখুন তার বুক ওঠানামা করছে কিনা। যদি রক্তচাপ কম থাকে বলে মনে হয়, তাহলে পায়ের দিক আরও একটু উঁচু করে দিন।
জ্ঞান হারানো ব্যক্তিকে কোনো অবস্থাতেই কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না। এমনকি তার মুখে জলও দেবেন না। অনেকেই অচেতন ব্যক্তির মুখের কাছে স্যান্ডেল বা জুতা ধরেন, এটি একটি ভুল ধারণা এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
যদি আক্রান্ত ব্যক্তির খিঁচুনি হতে শুরু করে, তবে তাকে চেপে ধরে রাখার চেষ্টা করবেন না। বরং তার আশেপাশে থাকা ধারালো বা বিপজ্জনক জিনিসপত্র সরিয়ে ফেলুন এবং তাকে খোলামেলা জায়গায় কাত করে শুইয়ে রাখুন।
জ্ঞান হারানো ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া অপরিহার্য। কারণ জ্ঞান হারানোর পেছনের সঠিক কারণ নির্ণয় করা এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা ডাক্তারের পক্ষেই সম্ভব। গরমের সময় এই বিষয়ে সচেতন থাকা এবং দ্রুত পদক্ষেপ নেওয়া অনেক জীবন বাঁচাতে পারে।