যারা অতিরিক্ত মদপান করেন, যারা টাকা-পয়সার চিন্তায় থাকেন কিংবা যারা অবিবাহিত; তাদের থেকে বিচ্ছেদ হওয়া মানুষদের মৃত্যুঝুঁকি বেশি বলে আমেরিকার ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের একটি গবেষণায় জানানো হয়েছে।
জীবন-যাপনের এই অসমতার বিষয়ে নিশ্চিত হতে গবেষকেরা ১৩ হাজার ৬১১ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে গবেষণা করেন, যাদের বয়স সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১০৪ বছর। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত গবেষণায় অংশ নেয়া মানুষদের নানা বিষয় পর্যবেক্ষণ করেন গবেষকেরা।
অংশগ্রহণকারীদের বেকারত্ব, খাদ্যাভ্যাস এবং জীবনের প্রতি সন্তুষ্টির মতো ভিন্ন ভিন্ন ৫৭টি সামাজিক বিষয়ে প্রশ্ন করা হয়।
এরপর ২০০৮ এবং ২০১৪ সালে যারা মারা গেছেন তাদের ডেটা সংগ্রহ করে দেখা যায়, ধূমপানের কারণে সবচেয়ে বেশি মানুষের অকালমৃত্যু হয়েছে। দুই নম্বরে ডিভোর্স-জনিত মানসিক সমস্যা। এরপর অ্যালকোহল, অর্থনৈতিক সমস্যা এবং বেকারত্বের মতো হতাশা ছিল ভুক্তভোগীদের।
গবেষকেরা বলছেন, বিচ্ছেদের আগে এবং পরে একজন মানুষ যে অস্থিরতার ভেতর দিয়ে যান তা তার শারীরিক ক্ষতি করে। এরপর অধিকাংশ ভুক্তভোগী মদ খাওয়া শুরু করেন। ধীরে ধীরে আর্থিক সমস্যা ঘিরে ধরে।
আবার আগে থেকে যারা অতিরিক্ত মদ পান করেন তাদের ডিভোর্সের ঝুঁকিও বেশি থাকে।





