খাওয়ার পরেও ক্লান্তি? সাবধান! এই ৫ খাবার আপনার এনার্জি কেড়ে নিচ্ছে, বলছেন পুষ্টিবিদরা

স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ থাকার কথা বলেন পুষ্টিবিদরা। কিন্তু অনেক সময় দেখা যায়, পর্যাপ্ত খাবার খাওয়ার পরেও শরীর দুর্বল লাগে, ক্লান্তি যেন আরও জাঁকিয়ে বসে। কেন এমনটা হয়? পুষ্টিবিদরা বলছেন, সুস্থ থাকতে শুধু ‘কী খাচ্ছেন’ সেটাই জরুরি নয়, বরং ‘কীভাবে খাচ্ছেন’ এবং ‘কোন খাবার হজম হচ্ছে’ সেদিকেও নজর রাখা প্রয়োজন। কিছু নির্দিষ্ট খাবার আছে, যা খাওয়ার পর আপনার ক্লান্তি কমানোর বদলে বরং বাড়িয়ে দিতে পারে। তাই খাবারের মেনুতে নজর রাখুন!
ক্লান্তি বাড়ায় যে ৫ খাবার:
১. কফি: সাময়িক উদ্দীপনা, দীর্ঘস্থায়ী ক্লান্তি
ক্লান্ত লাগলে অনেকেই নিজেকে চাঙ্গা করতে কফির কাপে চুমুক দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কফি সাময়িকভাবে চাঙ্গা করলেও পরে তা আরও বেশি ক্লান্তি ডেকে আনতে পারে। কফিতে থাকা ক্যাফেইন প্রথমদিকে উদ্দীপনা তৈরি করলেও, এর প্রভাব কমে গেলে শরীর আরও বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তাই ক্লান্ত লাগলে কফির বদলে চা অনেক বেশি উপকারী হতে পারে, কারণ চা ধীরে ধীরে ক্যাফেইন রিলিজ করে এবং এতে থিয়ানিন থাকে, যা মনকে শান্ত রাখে।
২. পনির: হজমের ধীর গতি, বাড়ায় অলসতা
পনিরে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং কোলেস্টেরল থাকে। এটি খেতে সুস্বাদু হলেও হজম হতে বেশ সময় লাগে। যখন এমনিতেই শরীর ক্লান্ত বা দুর্বল থাকে, তখন পনিরের মতো ভারী খাবার হজম করতে শরীরকে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়, যার ফলে ক্লান্তি আরও বেড়ে যায়। তাই ক্লান্ত অবস্থায় পনির এড়িয়ে চলাই ভালো।
৩. সাদা চিনি: মিষ্টি মরীচিকা
চিনি সমৃদ্ধ খাবার, যেমন আইসক্রিম বা পেস্ট্রি, সাময়িকভাবে শক্তি জোগালেও পরবর্তীতে শরীরের ওপর এর বিরূপ প্রভাব পড়ে। চিনি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, ফলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। কিন্তু এই শর্করার মাত্রা দ্রুত কমে গেলে ‘সুগার ক্র্যাশ’ হয়, যার ফলে তীব্র ক্লান্তি এবং অবসাদ ঘিরে ধরে। তাই ক্লান্ত বা দুর্বল লাগলে চিনি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন।
৪. সোডা জাতীয় পানীয়: রঙিন ফাঁদ
গরমের দিনে গলা ভেজাতে সোডা জাতীয় রঙিন পানীয় বেশ জনপ্রিয়। কিন্তু এই ধরনের পানীয়তে প্রচুর পরিমাণে চিনি এবং কৃত্রিম উপাদান থাকে, যা শরীরের ক্ষতি ছাড়া লাভ করে না। প্রাথমিক ভাবে ক্লান্তিনাশক মনে হলেও, এগুলো আসলে সবচেয়ে বেশি ক্লান্তিকর। এগুলিতে থাকা চিনি এবং কৃত্রিম রঙ হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং শেষ পর্যন্ত ক্লান্তি বাড়ায়।
৫. অ্যালকোহল: ফুরফুরে হওয়ার ভান
অনেকে বন্ধু-বান্ধবদের সাথে বা ঘরোয়া কোনো উৎসবে অ্যালকোহল পান করেন ফুরফুরে হওয়ার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালকোহল জাতীয় পানীয় শরীরে একটি গভীর ক্লান্তি ডেকে আনে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ধীর করে দেয়, যা মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং শরীরকে ঝিমিয়ে দেয়। এ কারণে অনেকেরই অ্যালকোহল পানের পর ঘুম পায় বা অলসতা অনুভব হয়।
পুষ্টিবিদরা বলছেন, শরীর সুস্থ রাখতে এবং ক্লান্তি এড়াতে খাবারের মান ও হজম ক্ষমতার দিকে বিশেষ নজর রাখা উচিত। সঠিক খাবার নির্বাচন এবং পরিমাণ মতো জল পান করাও ক্লান্তি দূর করতে সাহায্য করে।