কাজ শুরুর আগেই ভয়? আত্মবিশ্বাস বাড়ানোর সহজ উপায় জানুন

অনেকেই কোনো নতুন কাজ শুরু করার আগে অজানা এক ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েন। রাজ্যের দুশ্চিন্তা এসে ভর করে মাথায়। মনে প্রশ্ন জাগে, আদৌ কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন কিনা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতির মূল কারণ হলো আত্মবিশ্বাসের অভাব। নিজের সামর্থ্যের প্রতি সন্দেহ জন্মায়।

মনোবিশেষজ্ঞদের মতে, নারীদের মধ্যে এই সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এর পেছনে শৈশবের নানা অভিজ্ঞতা থাকতে পারে। যেমন, ছোটবেলায় বাবা-মায়ের আচরণ, কোনো অতীতের ব্যর্থতা যা এখনও কষ্ট দেয়—এসব কিছুই আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। এই ভয়াবহ সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজেকেই আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে।

সাহস, আত্মবিশ্বাস ও মনের জোর বাড়াতে যা করা প্রয়োজন:

মন ভালো রাখার চেষ্টা করুন: দীর্ঘদিনের আঘাত, খারাপ স্মৃতি এবং নেতিবাচক কথা আমাদের মনকে বিষণ্ণ করে তোলে। সেসব কথা মনে পড়লে কষ্ট হয় এবং নিজের প্রতি বিশ্বাস কমতে শুরু করে। ভয় গ্রাস করে। তাই ধীরে ধীরে সেইসব স্মৃতি মুছে ফেলার চেষ্টা করুন। মন থেকে খারাপ স্মৃতি পরিষ্কার করা সহজ নয়, তবে প্রতিদিন এই অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। মনে রাখবেন, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে। সবাই সব ক্ষেত্রে সফল হয় না।

নিয়মিত মেডিটেশন করুন: মেডিটেশন মনকে শান্ত রাখে এবং ভয় ও নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। এটি আমাদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আত্মবিশ্বাস, আত্মসচেতনতা ও সাহস বৃদ্ধি করে। মন ভালো থাকলে আপনার মানসিক জোর অবশ্যই বাড়বে।

তুলনা পরিহার করুন: কখনোই অন্যের সাথে নিজের তুলনা করবেন না। প্রত্যেকের পরিস্থিতি ভিন্ন। সবাই নিজস্ব পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছে। নিজেকে বোঝার চেষ্টা করুন। আপনার শক্তি, দুর্বলতা, স্বপ্ন, চাহিদা, ইচ্ছা এবং লক্ষ্যকে চিনুন। আপনি অনন্য এবং অন্যদের থেকে আলাদা। অন্যের সাফল্য বা কটু কথা আপনার মন খারাপ করতে পারবে না, যদি আপনি না চান।

লিখে রাখার অভ্যাস ও ভালো মানুষের সঙ্গ: প্রতিদিনের ভালো কাজের তালিকা তৈরি করুন। কোন কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ, কী কী অর্জন করেছেন এবং কোন বিষয়ে উৎসাহ পেয়েছেন—এসব ডায়েরিতে লিখে রাখুন। দিনের শেষে এগুলো লিখলে ইতিবাচক দিকগুলো পুনরায় মনে পড়বে, যা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। লেখা শেষ হলে পুনরায় পড়ুন। দেখবেন মন অনেক ভালো লাগছে। পরিবার ও ভালো বন্ধুরা মানসিকভাবে আমাদের সমর্থন যোগায়। মন খারাপ থাকলে তাদের সাথে কথা বলুন। মানসিক শক্তি পাবেন।

সঠিক লক্ষ্য, ভালো অভ্যাস ও সাহায্য চাওয়া: দৈনন্দিন জীবনে ভালো অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন ঘুম থেকে উঠে যোগা বা ব্যায়াম করতে পারেন। একটি সুস্থ জীবনধারা অনুসরণ করুন। এটি আপনার জীবনকে সহজ করবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং মন ভালো রাখবে। মানুষ হিসেবে সাহায্যের প্রয়োজন হতেই পারে। তাই প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। যদি কখনও মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হন বা কঠিন পরিস্থিতিতে থাকেন, তবে অবশ্যই একজন পেশাদার থেরাপিস্টের সাহায্য নিতে পারেন।