কর্মজীবী নারীরা কেন অফিসেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন?

দীর্ঘ কর্মঘণ্টার পর ক্লান্ত শরীরে মানুষ সাধারণত ঘরের দিকেই ছুটে যায়। কখন অফিসের কাজ শেষ হবে এবং পরিবারের কাছে ফেরা যাবে, এই ভাবনাটাই যেন দিনের শেষে সকলের মনে ঘুরপাক খায়। তবে সাম্প্রতিক একটি গবেষণা এই চিরাচরিত ধারণায় ভিন্ন সুর তুলেছে।

বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এক সমীক্ষায় উঠে এসেছে এক অপ্রত্যাশিত তথ্য। গবেষণাটি বলছে, পুরুষদের তুলনায় কর্মজীবী নারীরা ঘরে থাকার চেয়ে অফিসেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

গবেষণার জন্য টানা এক সপ্তাহ ধরে ১২২ জন নারীর ওপর সমীক্ষা চালানো হয়। এই সময়ে তাদের স্ট্রেস হরমোনের মাত্রা পর্যবেক্ষণ করা হয়। সমীক্ষায় দেখা গেছে, অফিসে থাকাকালীন নারীদের শরীরে স্ট্রেস হরমোনের নিঃসরণের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। এর বিপরীতে, ঘরে ফেরার পর তাদের শরীরে স্ট্রেস হরমোনের নিঃসরণ বেশি দেখা গেছে। এই ফলাফল স্পষ্টতই ইঙ্গিত দেয় যে অনেক কর্মজীবী নারীই ঘরের তুলনায় অফিসেই বেশি চাপমুক্ত থাকেন।

অন্যদিকে, একই চিত্র পুরুষদের ক্ষেত্রে বিপরীত দেখা গেছে। পুরুষরা সাধারণত বাড়িতেই বেশি চাপমুক্ত বোধ করেন। সম্ভবত সেই কারণেই অফিস থেকে বাড়ি ফেরার জন্য তাদের মধ্যে একটি স্বাভাবিক তাড়া দেখা যায়।

গবেষকরা আরও উল্লেখ করেছেন, যারা কর্মজীবী এবং ঘরে যাদের কাজের চাপ বেশি, সেই নারীরাই মূলত অফিসের পরিবেশকে বেশি পছন্দ করেন। তবে ব্যতিক্রমও রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, যেসব নারী একা থাকেন অথবা যাদের ঘরে কাজের চাপ কম, তারা আবার অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে আগ্রহী হন।

এই গবেষণা কর্মজীবী নারীদের জীবনযাত্রার একটি নতুন দিক উন্মোচন করলো। যেখানে পুরুষরা দিনের শেষে শান্তির নীড় খোঁজেন, সেখানে অনেক নারীর কাছে অফিসই যেন একপ্রকার চাপমুক্ত আশ্রয়স্থল। এই অপ্রত্যাশিত ফলাফলের কারণ অনুসন্ধানে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।