অসহ্য গরমে জনজীবন অতীষ্ঠ। কিন্তু তারপরও অফিস করা, বাইরের কাজ থেমে থাকছে না। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো ছাড়া উপায় নেই। গুমোট গরমে, ঘামে অস্বস্তি যেন বেড়েই যাচ্ছে। এ পরিস্থিতিতে কেউ হজমের সমস্যায় ভুগছেন, কেউ আবার অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ছেন। গরমে সর্দি-কাশি, জ্বর, পেটে ব্যথার মতো রোগের সমস্যাও বাড়ছে। ভ্যাপসা গরমে শরীর ও ত্বকের ক্ষতি হচ্ছে। তাই এই গরমে বাইরে বেরোলে ব্যাগে রাখুন কিছু দরকারি জিনিস।
এই সময়ে বাইরে বেরোলে ব্যাগে যা রাখবেন-
১.জলের বোতল ছাড়া এই সময়ে বাড়ির বাইরে বের হবেন না। জল ছাড়াও সঙ্গে গ্লুকোজ় কিংবা লেবুর শরবত রাখতে পারেন। তবে রাস্তার পাশে বিক্রি হওয়া খোলা শরবরত, ফল খাওয়া এড়িয়ে চলবেন।
২. এই সময়ে রুমাল, সানগ্লাস আর ছাতা অবশ্যই ব্যাগে ভরে রাখুন। ভুলে গেলে বিপদে পড়বেন। নারীরা স্কার্ফ ও ছেলেরা টুপি ব্যবহার করুন। এতে ত্বকের পাশাপাশি শরীরও রক্ষা পাবে।
৩. ব্যাগে হালকা খাবার রাখুন। তেল-মসলাদার খাবার এখন এড়িয়ে চলাই ভালো। খাদ্যতালিকায় ফলের সালাদ, শাকসবজি রাখুন।
৪. গরমে ঘেমে শরীরে ক্লান্তি চলে আসে। মুখও তেলতেলে হয়ে যায়। তাই গরমে চাঙ্গা থাকতে ওয়েট টিস্যু ব্যবহার করুন। খুব তাপ লাগলে মুখ, গলা ও ঘাড় মুছে নিন। ব্যাগে একটি ফেসওয়াশও রাখতে পারেন।
৫. গরমে ঘামের গন্ধে আশপাশের লোকজনের পাশাপাশি নিজেদেরও সমস্যা হয়। এই সময়ে ব্যাগে বডি স্প্রে ব্যাগে রাখতে ভুলবেন না। নিজেকে তরতাজা রাখতে মাঝেমধ্যেই স্প্রে করে নিন।