ওজন কমাতে চান? খাদ্যতালিকায় যোগ করুন এই ৬টি পুষ্টিকর খাবার

ওজন কমানোর জন্য সুষম ও পুষ্টিকর খাবারের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। এর পাশাপাশি শরীরচর্চা অপরিহার্য হলেও, ওজন নিয়ন্ত্রণে খাদ্যের ভূমিকাই ৭০ শতাংশ। তাই যারা ওজন কমাতে বদ্ধপরিকর, তাদের খাবারের প্রতি বিশেষ নজর রাখা উচিত।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে। ফাইবার জাতীয় খাবারে ক্যালোরির পরিমাণ কম থাকে, যা খাবার গ্রহণের পর দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
ওজন কমানোর চেষ্টায় অনেকেই খাদ্যতালিকা থেকে বিভিন্ন ফল, সবজি এমনকি প্রয়োজনীয় খাবারও বাদ দিয়ে দেন। তবে এমন কিছু খাবার রয়েছে যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন, সেই খাবারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক:
১. কুমড়া: মিষ্টি স্বাদের জন্য অনেকেই ওজন কমানোর ডায়েট থেকে কুমড়া বাদ দিয়ে থাকেন। তবে এই সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং খুব কম ক্যালোরি থাকে। এক কাপ কুমড়াতে প্রায় ৮০ ক্যালোরি পাওয়া যায়। এটি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি সবজি। কুমড়াতে বিটা-ক্যারোটিন ও ক্যারোটিনয়েড (যা শরীরে ভিটামিন এ তৈরিতে সাহায্য করে এবং কুমড়াকে উজ্জ্বল কমলা রঙ দেয়) থাকে। তাই ওজন কমাতে চাইলে কুমড়াকে আপনার খাদ্যতালিকায় নিয়মিত রাখতে পারেন।
২. আখরোট: আখরোটে মনোস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও, এক আউন্স আখরোটে প্রায় ৪ গ্রাম প্রোটিন, ২ গ্রাম ফাইবার এবং ২০০-এর কম ক্যালোরি থাকে। হালকা খিদে মেটাতে আখরোটের জুড়ি মেলা ভার। এমনকি চিনাবাদামের চেয়েও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আখরোটে।
৩. টকদই: টকদইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক ও উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা হজমক্ষমতা এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে। এটি হজম বাড়ায় এবং ওজন কমাতেও দারুণ কার্যকর। খনিজ ও ক্যালসিয়াম সমৃদ্ধ টকদই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ১০০ গ্রাম টকদইয়ে মাত্র ১.৭ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট থাকে।
৪. মিষ্টি আলু: মিষ্টি আলুও ওজন কমাতে দ্রুত সাহায্য করতে পারে। এতে ক্যালোরির পরিমাণ কম এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়াও, মিষ্টি আলুতে জলের পরিমাণও বেশি থাকে, যা এটিকে সহজে হজমযোগ্য করে তোলে।
৫. ছোলা: ছোলার স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে, যা ওজন কমাতে সহায়ক। ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং প্রোটিন ক্ষুধা মেটাতে সাহায্য করে। তাই ওজন কমানোর ডায়েটে সামান্য পরিমাণে ছোলা যোগ করতে পারেন।
৬. মসুর ডাল: উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনের অন্যতম সেরা উৎস হলো মসুর ডাল। এটি ওজন কমাতেও সাহায্য করে। মসুর ডাল উচ্চ ফাইবারযুক্ত খাবারগুলোর মধ্যে একটি, যা ওজন কমানোর জন্য চমৎকার উৎস। আধা কাপ মসুর ডালে প্রায় ১২০ ক্যালোরি এবং ৮ গ্রাম ফাইবার থাকে।
সুতরাং, ওজন কমাতে চাইলে এই পুষ্টিকর খাবারগুলো আপনার খাদ্যতালিকায় যোগ করতে পারেন। তবে মনে রাখবেন, সুষম খাবারের পাশাপাশি সঠিক জীবনযাপন এবং প্রয়োজন অনুযায়ী শরীরচর্চাও ওজন কমানোর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।