উচ্চ রক্তচাপ? এই খাবারগুলো আজই বাদ দিন আপনার তালিকা থেকে!

উচ্চ রক্তচাপ, বা হাইপারটেনশন, বর্তমানে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা দিন দিন বেড়েই চলেছে। যেকোনো বয়সেই এর প্রকোপ দেখা দিতে পারে। একবার এই সমস্যা ধরা পড়লে জীবনযাপন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আরও অনেক মারাত্মক রোগের কারণ হতে পারে।

উচ্চ রক্তচাপের কারণ ও বিপদ
অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্থূলতা, এবং অনিয়মিত খাদ্যাভ্যাস—এই সবই উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ। একবার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে খাবারের দিকে বিশেষভাবে নজর দেওয়া অত্যন্ত জরুরি। কারণ, উচ্চ রক্তচাপ থেকে কিডনি রোগ, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। এই রোগগুলোর ভয়াবহতা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন, তাই উচ্চ রক্তচাপের সমস্যাকে অবহেলা করার কোনো সুযোগ নেই।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যে খাবারগুলো এড়িয়ে চলবেন
খাবারে নিয়ন্ত্রণ এনে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। তাই আপনার খাবারের তালিকায় কিছু পরিবর্তন আনা আবশ্যক। কিছু খাবার যোগ এবং কিছু খাবার বিয়োগ করতে হবে। উচ্চ রক্তচাপ হলে কিছু খাবার কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোনগুলো:

লবণ: উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রথমেই বাদ দিতে হবে লবণ। আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়াম জমে গেলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাই খাবার তৈরির সময়ও লবণের পরিমাণ কমিয়ে দিন। খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা আজই বাদ দিন।

কফি: উচ্চ রক্তচাপের সমস্যায় আরেকটি খাবার যা ক্ষতির কারণ হতে পারে, সেটি হলো কফি। এর কারণ হলো ক্যাফেইন আমাদের রক্তনালীকে সরু করে ফেলে, ফলে হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তবে চা কিংবা কফি কোনোটাই পান না করা ভালো। এর বদলে চিনি ছাড়া গ্রিন টি খেতে পারেন।

ফাস্টফুড: উচ্চ রক্তচাপ হলে ফাস্টফুডকে বিদায় জানাতে হবে। কারণ এ ধরনের খাবারেই উচ্চ রক্তচাপ সৃষ্টিকারী উপাদান সবচেয়ে বেশি থাকে। এ জাতীয় খাবারে প্রচুর সোডিয়াম, প্রিজারভেটিভ, বিষাক্ত রঙ এবং ক্ষতিকারক চর্বি ব্যবহার করা হয়, যা উচ্চ রক্তচাপের রোগীর জন্য অত্যন্ত ক্ষতিকর।

রেড মিট: খেতে যতই পছন্দ করুন না কেন, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে আপনাকে রেড মিট অর্থাৎ গরু, খাসি এবং মহিষের মাংস খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। কারণ এ ধরনের মাংসে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, ফলে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

চিনি: মিষ্টি স্বাদের খাবার খাওয়ার জন্য যতই মন কেমন করুক না কেন, উচ্চ রক্তচাপ হলে চিনিযুক্ত খাবার একেবারেই বাদ দিতে হবে। অতিরিক্ত মিষ্টি খেলে আমাদের শরীরে মেদ জমতে থাকে, যার ফলে ওজন বেড়ে যায়। অনেকেই বাড়তি ওজনের কারণেই উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হন। চিনি বেশি খেলেও শরীরে রক্তচাপ বেড়ে যেতে পারে।