আলুর কল বেরিয়েছে? ভুলেও খাবেন না! বিজ্ঞানীদের সতর্কবার্তা

বাড়িতে বেশি দিন আলু রাখলে তাতে অঙ্কুর বেরোনো বা কল গজানো খুবই স্বাভাবিক ঘটনা। অনেকেই আলুর ওই অঙ্কুরিত অংশ কেটে বাদ দিয়ে বাকি আলু রান্না করে খান। তবে এই অঙ্কুর গজানো আলু খাওয়া কি আদৌ উচিত? বিজ্ঞানীরা কী বলছেন? এর আগেও আমাদের ওয়েবসাইটে আলুর গায়ে সবুজ ছোপ পড়লে তা খাওয়া উচিত কি না, সেই নিয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছিল। এ বার অঙ্কুর গজানোর ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য?
আলু গাছ সবসময় চেষ্টা করে যাতে কোনো জীবাণু বা পোকামাকড় তার ফসলের ক্ষতি করতে না পারে। তাই আলু গাছ নিজেই সোলানাইন নামে এক ধরনের বিষ তৈরি করে। যদিও আমরা যখন টাটকা আলু খাই, তখন এই বিষ তৈরি হতে শুরু করে না, তাই আমাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু যখনই আলুতে অঙ্কুর গজাতে শুরু করে, তার সঙ্গেই তৈরি হতে থাকে এই বিষাক্ত সোলানাইন।
অনেকেই আলুর এই অঙ্কুরিত অংশটি কেটে ফেলে বাদ দিয়ে দেন এবং মনে করেন আলু খাওয়ার জন্য নিরাপদ। তবে বিজ্ঞানীরা বলছেন, এটা একেবারেই নিরাপদ নয়। কারণ এই বিষ কেবলমাত্র অঙ্কুরেই তৈরি হয় না, আলুর গোটা গায়ে ছড়িয়ে পড়ে। ফলে এই আলু পেটে গেলে শরীরে বিষক্রিয়া হতে পারে।
এবার আসা যাক মূল কথায়—এই অঙ্কুর গজানো আলু খেলে কি এমন হতে পারে? চিকিৎসকদের মতে, অল্প পরিমাণে সোলানাইন শরীরে গেলে বিশেষ কোনো সমস্যা হয় না। বড়জোর পেটে সামান্য গন্ডগোল হতে পারে। তবে বেশি পরিমাণে সোলানাইন শরীরে প্রবেশ করলে আন্ত্রিকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এমনকি অনেকের তীব্র মাথা ব্যথাও শুরু হতে পারে।
তবে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতিও হতে পারে। বিপুল পরিমাণে সোলানাইন শরীরে গেলে মানুষ কোমায় পর্যন্ত চলে যেতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। দীর্ঘদিন ধরে সামান্য পরিমাণে সোলানাইন শরীরে প্রবেশ করলেও তা শরীরের বিভিন্ন অঙ্গের দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। আপাতদৃষ্টিতে নিরীহ এই আলুই অঙ্কুর গজানোর পর হয়ে উঠতে পারে ভয়ানক বিপদজনক।
তাই এই ধরনের মারাত্মক ঝুঁকি এড়াতে আলুকে সবসময় অন্ধকার এবং ঠান্ডা জায়গায় সংরক্ষণ করা উচিত। যদি দেখেন আলুতে অঙ্কুর বেরিয়ে গেছে, তবে সেই আলু না খাওয়াই বুদ্ধিমানের কাজ। নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় এই বিষয়ে সতর্ক থাকুন।