আপনার আদরের সন্তানটি কি প্রায়ই রাগে ফেটে পড়ে? সামান্য কারণেও কি জেদ ধরে বসে? কিছুতেই কি তাকে শান্ত করতে পারছেন না? আর তাকে সামলাতে গিয়ে আপনিও কি ক্রমশ খিটখিটে হয়ে উঠছেন? এমন পরিস্থিতিতে ধৈর্য হারানো স্বাভাবিক, তবে মনে রাখবেন, রাগ দেখালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বুদ্ধি এবং ধৈর্য ধরে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়াই বুদ্ধিমানের কাজ।
বিশেষজ্ঞরা মনে করেন, আপনি যত শান্ত মাথায় এবং পরিণতভাবে আপনার সন্তানের সমস্যার সমাধান করবেন, ভবিষ্যতে সেও সেই পথ অনুসরণ করে নিজের সমস্যা সমাধান করতে শিখবে। তাই জেনে নিন, জেদি ও রাগী শিশুকে কীভাবে সামাল দেবেন:
রাগের বিপরীতে রাগ নয়: সন্তান যখন রাগে চিৎকার করে বা ঝামেলা তৈরি করে, তখন নিজের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু উল্টো বকাবকি করলে হিতে বিপরীত হতে পারে। এতে আপনার সন্তান আরও জেদি হয়ে উঠবে। তাই সন্তান রেগে গেলে তার সঙ্গে পাল্টা রাগ দেখানো উচিত নয়। শান্ত থাকার চেষ্টা করুন।
রাগ কমলে যুক্তি দিন: যখন আমরা রেগে থাকি, তখন কোনো যুক্তিই কানে ঢোকে না বা আমরা বুঝতেও চাই না। আপনার সন্তানের ক্ষেত্রেও ঠিক তাই। তাই তার রাগ কমে গেলে শান্তভাবে তাকে বুঝিয়ে বলুন। এতে সন্তান মনে করবে আপনি তার সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন এবং তার কথা বুঝতে চেষ্টা করছেন।
একাকিত্ব অনুভব করলে: অনেক সময় সন্তানরা নিজেদের একা ভাবে। তাদের খারাপ লাগা, দুঃখ বা ভয় বাবা-মার সঙ্গে ভাগ করে নিতে পারে না। যার বহিঃপ্রকাশ রাগের মাধ্যমে হতে পারে। এমন পরিস্থিতিতে তাকে বোঝান যে সে একা নয়। আপনার একটি দল এবং কোনো কিছুই তাকে একা সামলাতে হবে না। আপনারা সবসময় তার পাশে আছেন।
রাগের মূল কারণ খুঁজুন: সব সময় সন্তানকে বকাঝকা করে বা কোনো উপহার দিয়ে তার রাগ কমানোর চেষ্টা না করে, কেন সে বার বার এমন আচরণ করছে তার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। হয়তো কোনো চাপা কষ্ট বা frustation থেকে সে এমন করছে। কারণ খুঁজে বের করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন।
বিশেষজ্ঞের পরামর্শ নিন: যদি দেখেন আপনার সন্তানের রাগ দিন দিন বেড়েই চলেছে এবং তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে, তাহলে দেরি না করে একজন পেশাদার মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। শিশুদের মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত।
মনে রাখবেন, শিশুদের রাগ এবং জেদ প্রকাশের পিছনে অনেক কারণ থাকতে পারে। তাদের সঙ্গে ধৈর্য ধরে, সহানুভূতি দেখিয়ে এবং সঠিক কৌশল অবলম্বন করে তাদের শান্ত করা এবং সঠিক পথে চালিত করা সম্ভব। আপনার ঠান্ডা মাথা এবং পরিণত আচরণই আপনার সন্তানকে ভবিষ্যতে সঠিক পথে চলতে সাহায্য করবে।