অতিরিক্ত ওজন? কড়া ডায়েট বা জিমে না গিয়ে ভরসা রাখুন আয়ুর্বেদে!

অনিয়মিত জীবনযাপন এখন অধিকাংশ মানুষের অতিরিক্ত ওজনের মূল কারণ। কেউ কঠোর ডায়েট মেনে শারীরিক সমস্যায় ভুগছেন, আবার কেউ জিমে গিয়ে মাত্রাতিরিক্ত শরীরচর্চা করছেন। তবে অতিরিক্ত শরীরচর্চা অনেক সময় উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। তাই সুস্থ এবং দ্রুত ওজন কমাতে চাইলে ভরসা রাখতে পারেন আয়ুর্বেদ উপায়ে। এই প্রাকৃতিক পদ্ধতিগুলো মেনে চললে খুব সহজে এবং দ্রুত ওজন কমানো সম্ভব। আসুন জেনে নেওয়া যাক করণীয়:
দিনের আলোয় খাবার গ্রহণ
সাধারণত আমরা দুপুরবেলা ভারী খাবার খেয়ে থাকি। কিন্তু দিনের আলো থাকাকালীন যদি আপনার আহারের কাজটি সম্পন্ন করেন, তাহলে সেটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। কারণ আমাদের যকৃৎ বা লিভার মধ্যরাতে খাবারের হজম প্রক্রিয়া সম্পন্ন করে। তাই যদি রাতের বেলা অতিরিক্ত খাদ্য ও পানীয় গ্রহণ করা হয়, তাহলে সেটি পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে ওজন বাড়তে থাকে। রাতে খাওয়া কমানোর অভ্যাস করলে অতিরিক্ত ওজনও কমতে শুরু করবে।
উষ্ণ জল পান
পরিপাক ক্রিয়াকে সচল রাখতে প্রতিদিন সকালে গরম জল দিয়ে লেবুর রস পান করুন। এটি অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক।
নিয়মিত ব্যায়াম
স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে ব্যায়াম করাই যথেষ্ট। তাই প্রতিদিন সকালে হাঁটাচলা এবং শরীরচর্চার জন্য ৪০-৬০ মিনিট সময় ব্যয় করুন।
মেডিটেশন বা ধ্যান
সকালে অন্তত ৫-১০ মিনিট বা তারও বেশি সময় ধরে মেডিটেশন বা ধ্যান করুন। ওজন বেড়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হল স্ট্রেস বা মানসিক চাপ। মেডিটেশন বা যোগব্যায়ামের মাধ্যমে মনে শান্তি আসে। এই অভ্যাসটি আপনাকে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে।
তিন বেলার খাবার নীতি
কোনো রকম জলখাবার বা স্ন্যাকস বাদ দিয়ে তিনবেলা খাবার গ্রহণ করুন। খাদ্য আমাদের দেহে জ্বালানি হিসেবে কাজ করে। যখন দেহে পরিমাণের চেয়ে অতিরিক্ত খাবার যায়, তখন সেটি ফ্যাটে পরিণত হয়।
সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে প্রাতরাশ গ্রহণ করুন।
সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে দুপুরের খাবার গ্রহণ করুন।
সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৮টার মধ্যে রাতের খাবার খান।
প্রতিবেলার খাবারের পরিমাণের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন।
মৌসুমের সঙ্গে খাওয়া-দাওয়া
মৌসুমী ফল ও শাক-সবজি খেলে দেহ সহজেই পুষ্টিকর উপাদানগুলো পায়, যা প্রাকৃতিকভাবে হজমে সহায়ক।
গ্রীষ্মকালে: দেহ শীতল ও উজ্জীবিত রাখতে উচ্চ-কার্বোহাইড্রেট যুক্ত ফল এবং তাজা শাকসবজি খান।
শরৎ এবং শীতকালে: ঠাণ্ডা থেকে বাঁচতে শাক-সবজি, বাদাম, ফল, মাংস এবং শস্যদানা খেতে পারেন।
বসন্তে: প্রচুর পরিমাণে মৌসুমী ফল, নতুন সবুজ শাক খান, যা শীতকালীন আমেজ কাটাতে আপনার শরীরকে উপযুক্ত করে তুলবে।
এভাবে বিভিন্ন ঋতুতে মৌসুমী খাবারগুলো গ্রহণ করলে প্রাকৃতিক আয়ুর্বেদ উপায়ে আপনার খাদ্যাভাস সঠিকভাবে পরিচালিত হবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে।
৬টি স্বাদের একত্রীকরণ
আয়ুর্বেদিক ডায়েট অনুসারে, প্রতিদিনের খাদ্যতালিকায় ৬টি প্রধান স্বাদের খাবার অন্তর্ভুক্ত করা উচিত:
মিষ্টি
টক
নোনতা
কড়া বা তীব্র (পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি)
তেতো
কষযুক্ত (আমলকি, মূলা, শসা, ডালিম ইত্যাদি)
মিষ্টি, টক এবং নোনতা স্বাদের খাদ্যগুলো পুষ্টিকারক এবং প্রোটিন তৈরিতে সাহায্য করে। এগুলোর ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন তীব্র, তেতো এবং কষযুক্ত খাদ্য, যা বিপাকীয় কাজে সহায়ক। তবে মনে রাখতে হবে, যেকোনো খাবারই অতিরিক্ত খাওয়া ক্ষতিকর।
খাওয়ার পর হাঁটা
প্রতিবেলা খাবারের পর হাঁটাচলা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি হজমে সহায়তা করে। দুপুরের খাবার শেষে মাঝারি গতিতে ১০-২০ মিনিট হাঁটা খুবই জরুরি। যদি খাদ্য গ্রহণের পরই শুয়ে থাকতে চান, তাহলে অবশ্যই ১০ মিনিট হেঁটে নেবেন এবং বাম পাশ হয়ে বিশ্রাম নেবেন।
সূর্যকে অনুসরণ
আপনার শরীরে একটি বড় হরমোনাল-ভারসাম্য তৈরি করতে সূর্যাস্তের সময় বিছানায় যান এবং সূর্যোদয়ের সঙ্গে জেগে উঠুন। গভীর রাত পর্যন্ত জেগে থাকলে আপনার দেহ স্বাভাবিকভাবে ধীরগতির হয়ে যায়, এর ফলে শরীর ভার হয়ে যায়। ঘুমাতে যাওয়ার ২ ঘণ্টা আগে আপনার সব কাজগুলো গুছিয়ে নিন এবং রাত ১০টার আগে বিছানায় যান। প্রতিদিন ৭-৯ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন। এতে শরীরের বিষাক্ত পদার্থ দ্রুত অপসারণ হবে এবং পরবর্তী দিনের জন্য পুনরায় শরীর শক্তি পাবে। এভাবে আপনার দৈনিক জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেই ওজন দ্রুত কমবে।