আজকাল ট্রেনে-বাসে, রাস্তাঘাটে এমনকি বাড়িতেও অনেকেই প্লাস্টিকের কাপ, গ্লাসে চা, কফি ছাড়াও বিভিন্ন ধরনের গরম খাবার খান। তবে এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। চিকিৎসকরা বলছেন, প্লাস্টিকের পাত্রে গরম খাবার খেলে হৃদযন্ত্র, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বকও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু তাই নয়, এর ফলে স্তন ক্যানসারের ঝুঁকিও বাড়ে। পুরুষদের ক্ষেত্রে কমে যেতে পারে শুক্রাণুর সংখ্যা।
গবেষকরা জানিয়েছেন, প্লাস্টিকের মধ্যে থাকা বিসফেনল-এ (Bisphenol-A) নামক বিষাক্ত রাসায়নিক গরম খাবারের সঙ্গে মিশে নিয়মিত শরীরে প্রবেশ করলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। এর ফলে শরীরের ক্লান্তি, হরমোনের ভারসাম্যহীনতা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাসসহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এছাড়াও, প্লাস্টিকের বোতল বা পাত্র তৈরির সময় পলিভিনাইল ক্লোরাইডকে (পিভিসি) নরম করার জন্য থ্যালেট (Phthalate) নামক রাসায়নিক ব্যবহার করা হয়। এই থ্যালেট মানব শরীরের জন্য এক প্রকার বিষ। একাধিক গবেষণায় দেখা গেছে, শরীরে এই রাসায়নিক নিয়মিত প্রবেশ করলে শ্বাসকষ্ট, স্থূলতা, টাইপ ২ ডায়াবিটিস, বুদ্ধিমত্তার হ্রাস এবং অটিজমের মতো রোগ বাসা বাঁধতে পারে।
অতএব, নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্লাস্টিকের পাত্রে গরম খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত। এর পরিবর্তে কাঁচ, মাটি বা স্টিলের তৈরি পাত্র ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। সচেতনতাই পারে আমাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে।