দিনভর শরীরকে সুস্থ ও চনমনে রাখতে সকালে শুরুটা সঠিক হওয়া খুব জরুরি। তবে বিশেষত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সকালের সময়টা হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি থাকে।
ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন, সকালে হরমোনের ওঠানামা এর অন্যতম কারণ। ঘুম থেকে ওঠার পর স্ট্রেস হরমোন কর্টিসল দ্রুত বেড়ে যায়। এর সঙ্গে রক্তচাপ বৃদ্ধি এবং রক্তে প্লাটিলেট ঘন হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়, যা হৃদপিণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়ার কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয় ভোজরাজও এই তথ্যের সমর্থন করেছেন।
এই পরিস্থিতিতে হার্টকে সুস্থ রাখতে সকালে যে ৫টি অভ্যাস অবশ্যই এড়িয়ে চলতে হবে:
যে ৫টি অভ্যাস সকালে হার্টের ক্ষতি করছে
১. খালি পেটে চা বা কফি পান করা: ঘুম থেকে ওঠার পর এমনিতেই কর্টিসল হরমোনের মাত্রা বেশি থাকে। এই সময় খালি পেটে চা বা কফি পান করলে সেই মাত্রা আরও বেড়ে যায়, যা শরীরের স্ট্রেস বাড়িয়ে রক্তচাপ ও হৃদস্পন্দনকে দ্রুত করে তোলে।
২. ঘুম থেকে উঠে জল না পান করা: ঘুমের সময় শরীর ডিহাইড্রেশন বা জলশূন্য হয়ে যায়। উঠে পর্যাপ্ত জল পান না করলে রক্ত ঘন হয়ে যায়, যা পাম্প করার জন্য হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করে।
৩. ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মোবাইলে চোখ: ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রাখা বা নেতিবাচক খবর দেখলে মানসিক চাপ বা স্ট্রেস হয়। এই স্ট্রেস সরাসরি হার্টের ক্ষতি করতে পারে।
৪. তাড়াহুড়ো করে কাজে চাপ নেওয়া: সকালে তাড়াহুড়ো ও উদ্বেগ নিয়ে দিন শুরু করলে উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন বৃদ্ধি পায়। ফলে এই সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
৫. নিয়মিত ওষুধ খেতে ভুলে যাওয়া: হৃদরোগীরা সময়মতো ওষুধ গ্রহণ না করলে চিকিৎসায় ব্যাঘাত ঘটে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। ওষুধের সময় ভুলে যাওয়া হৃদরোগের জন্য বিপজ্জনক।
হার্টের সুস্থতার জন্য সকালে যা করবেন
দিনের শুরুতে ছোট ছোট কিছু পরিবর্তন আনলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো যায় এবং হার্টকে সুস্থ রাখা সম্ভব।
- প্রথমেই জল পান: ঘুম থেকে ওঠার পর প্রথমেই এক গ্লাস জল পান করুন। এটি ডিহাইড্রেশন কমিয়ে রক্তকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
- সময়মতো ওষুধ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত ওষুধ সময়মতো সেবন নিশ্চিত করুন।
- পুষ্টিকর নাস্তা: সকালে প্রোটিনযুক্ত ও স্বাস্থ্যকর নাস্তা খান। প্রোটিনসমৃদ্ধ হালকা নাস্তার জন্য টক দই, ওটস, ডিম, ফল ও বাদাম জাতীয় খাবার রাখুন।
- হালকা শরীরচর্চা: সকালে ১০-১৫ মিনিট হাঁটা, স্ট্রেচিং বা হালকা যোগব্যায়াম করুন। এতে মাংসপেশি সচল হবে এবং রক্তপ্রবাহ বাড়বে।
মনে রাখবেন, দিনের শুরুতে অগোছালো বা তাড়াহুড়ো করলে তা সরাসরি হার্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ছোট ছোট এই পদক্ষেপগুলোই আপনার হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।