শিশুকে ঘরের কাজ করতে দেওয়া উচিত কিনা, এই বিষয়টি নিয়ে বরাবরই বিতর্ক বিদ্যমান। কিছু অভিভাবক মনে করেন, শৈশবকাল শিশুদের খেলাধুলা ও আনন্দ করার সময়। অন্যদিকে, কেউ কেউ মনে করেন ছোটবেলা থেকেই শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শেখানো জরুরি। তবে প্রশ্ন হলো, শিশুদের কি সত্যিই ঘরের কাজে যুক্ত করা উচিত? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে টাইমস অফ ইন্ডিয়া।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের ঘরের কাজে অন্তর্ভুক্ত করা একটি ইতিবাচক ধারণা। আপনার ঘরের ছোটখাটো কাজে তাদের সাহায্য করতে বলা মোটেও ভুল নয়। অবশ্যই তাদের কঠিন কাজ দেওয়া উচিত নয়, তবে গাছে জল দেওয়া বা কাপড় ভাঁজ করার মতো সহজ কাজগুলো করানোয় কোনো ক্ষতি নেই। এর দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় ধরনের সুবিধাই রয়েছে। এটি শিশুদের একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে, তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একাত্ম হতে সাহায্য করে।
তবে অভিভাবকদের অবশ্যই মনে রাখতে হবে যে শিশুরা ভুল করতেই পারে এবং তাদের কাজ নিখুঁত নাও হতে পারে। এর অর্থ এই নয় যে তাদের কাজ দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, বরং তাদের প্রচেষ্টার প্রশংসা করা উচিত এবং আরও ভালো করার জন্য উৎসাহিত করা উচিত।
ঘরের কাজ শিশুদের যেভাবে সাহায্য করে:
দায়িত্ববোধের জন্ম দেয়: শিশুদের বাড়ির কাজকর্মে জড়িত করা এবং ছোট ছোট কাজ করতে দেওয়া তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে। এটি একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা, যা তাদের বড় হওয়ার পরেও কাজে লাগবে। বিছানা গোছানো বা জলের বোতলে জল ভরার মতো সহজ কাজগুলোও তাদের দায়িত্ব পালনের বিষয়ে সচেতন করে তোলে।
পরিকল্পনার সক্ষমতা বাড়ে: জীবনের প্রতিটি স্তরেই পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। শৈশব থেকে এই দক্ষতা অর্জন করতে পারলে তা ভবিষ্যতের জন্য সহায়ক হবে। বড় হয়ে যখন মাল্টিটাস্কিংয়ের প্রয়োজন হয়, তখন সঠিক পরিকল্পনা অপরিহার্য। ঘরের কাজে অংশ নেওয়া এই অভ্যাসটি গড়ে তুলতে সাহায্য করে এবং তাদের মস্তিষ্ককে আরও কার্যকরভাবে কাজ করতে উৎসাহিত করে।
সহানুভূতি জাগিয়ে তোলে: শিশুদের সহানুভূতি শেখানোর অন্যতম সেরা উপায় হলো অন্যদের সাহায্য করতে উৎসাহিত করা। আপনার শিশুকে পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য করতে শেখান এবং তারা কাজটি সম্পন্ন করার পর তাদের কাজের প্রশংসা করুন। এমনভাবে কথা বলুন যেন তারা অসাধারণ কিছু করেছে! এটি তাদের অন্যান্য কাজ করতে আগ্রহী করবে এবং সহানুভূতির গুরুত্ব বুঝতে সাহায্য করবে।
অর্জনের অনুভূতি তৈরি হয়: কাজের শেষে যখন শিশুরা প্রশংসা পায়, তখন তাদের মধ্যে একটি অর্জনের অনুভূতি জন্মায়। প্রতিবার যখন আপনি তাদের কোনো ঘরের কাজ দেবেন, তারা আরও ভালোভাবে কাজটি করার চেষ্টা করবে, কারণ তারা জানে ভালো কাজ করলে তাদের প্রশংসা করা হবে।
স্বাবলম্বী হতে সাহায্য করে: নিঃসন্দেহে শিশুরা তাদের বাবা-মায়ের উপর নির্ভরশীল থাকে। তবে তাদের ছোট ছোট দায়িত্ব দেওয়া হলে তা তাদের স্বাবলম্বী করে তোলে। বড় হওয়ার পথে এই জীবন দক্ষতা অপরিহার্য। তারা অন্যের উপর নির্ভর করার পরিবর্তে নিজের কাজ নিজে করার বিষয়ে আত্মবিশ্বাসী হবে।
সুতরাং, শিশুদের বয়স এবং সামর্থ্য অনুযায়ী ঘরের ছোটখাটো কাজে যুক্ত করা তাদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়ক হতে পারে। তবে এক্ষেত্রে ধৈর্য্য ধরা এবং তাদের প্রচেষ্টার মূল্যায়ন করা অভিভাবকদের প্রধান দায়িত্ব।