ওটমিল নিয়মিত খেলে তো শরীর ভালো থাকেই, সেই সঙ্গে ত্বকের নানা সমস্যা সারাতে তা ম্যাজিকের মতো কাজ করে। বিশেষ করে যাঁরা অ্যালার্জি বা অতিরিক্ত ব্রণর সমস্যায় ভোগেন, তাঁদের কাছে তো ওটমিল খুব ভালো ঘরোয়া সমাধান হয়ে উঠতে পারে। ওটমিল ত্বকের বাড়তি তেল শুষে নিতে সমর্থ, তাই ব্রণ তাড়াতে তা দারুণ কার্যকর। স্ট্রেস বা ক্লান্তির ছাপ মুছে দিয়ে ত্বককে প্রাণবন্ত করে তুলতেও তার জুড়ি নেই। আপনার স্নানের জলে ওটমিল যোগ করতে পারেন, তা ব্যবহার করতে পারেন মাস্ক হিসেবে। এমনকী ওটমিলের মিহি গুঁড়ো হাতের কাছে থাকলে তা ড্রাই শ্যাম্পু হিসেবেও খুব ভালো কাজ দেয়। জেনে নিন তার ব্যবহার বিধি।
ব্রণ তাড়াতে ওটমিলের ব্যবহার: সকালে দুধ বা জল দিয়ে পরিজ রান্না করে প্রাতরাশ খাওয়ার অভ্যেস আছে আপনার? তা হলে তার খানিকটা আলাদা করে সরিয়ে রাখুন। ঠান্ডা হওয়ার পর চটকে নিয়ে মুখে মেখে নিন। প্যাকটা শুকোতে অন্তত 15 মিনিট সময় লাগবে, সেই অবসরে অন্যান্য কাজকর্ম সারুন। তার পর স্নান করতে যান এবং ঘষে ঘষে প্যাকটা তুলে ফেলুন। যদি মনে হয় এর ফলে ত্বক খুব শুকিয়ে যাচ্ছে তা হলে খানিকটা মধু যোগ করে দিতে পারেন। দু’-এক টুকরো কলা বা স্ট্রবেরি থাকলেও তা ত্বকের পক্ষে ভালো। ব্যবহার করতে পারেন প্রতিদিন। ত্বকের স্ক্রাবিংও হয়ে যাবে।
অ্যালার্জি বা র্যাশ: দু’ টেবিলচামচ ওটমিল ব্লেন্ডারে দিয়ে মিহি পাউডার তৈরি করে নিন। তার মধ্যে মেশান এক চাচামচ বেকিং সোডা ও প্রয়োজনমতো জল। ঘন প্যাক তৈরি করে মুখে লাগান। তবে এই প্যাক ব্যবহারের আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবেন। খুব স্পর্শকাতর ত্বকে বেকিং সোডা সহ্য হয় না।
ক্লান্তি ও স্ট্রেস কাটাতে অব্যর্থ: যেদিন অফিসে কাজের প্রচুর চাপ ছিল বা সকাল থেকে নানা ঝামেলা পোয়াতে হয়েছে, সে দিনের জন্য ওটমিল এক্কেবারে পারফেক্ট! আধ কাপ উষ্ণ জলে মিশিয়ে নিন 1/3 কাপ ওটমিল, মিনিট তিনেক অপেক্ষা করুন। তার পর যোগ করুন একটি ডিমের সাদা অংশ, দই আর মধু। ভালো করে মিশিয়ে মুখসহ গোটা শরীরে পাতলা একটি স্তরে লাগান। 10 মিনিট শরীর আলগা করে শুয়ে থাকুন, তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। বাড়িতে বাথটব থাকলে ওটমিল বাথ নিতে পারেন। দু’ কাপ ওটস, এক কাপ দুধ, বেশ খানিকটা মধু আর সেন্টেড তেল যোগ করুন বাথটবের জলে। সেই জলে ডুবিয়ে রাখুন নিজেকে, উঠে স্নান করে নেওয়ার পর দেখবেন কী ঝরঝরে লাগে!
ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু হিসেবে: ওটমিলের মিহি গুঁড়ো আর বেকিং সোডার মিশ্রণ রাখুন হাতের কাছে, যেদিন শ্যাম্পু করার সময় নেই অথচ চুল খুব নোংরা হয়ে গিয়েছে সেদিন এই পাউডার ভালো করে চুলে লাগিয়ে আঁচড়ে নিন। ওটস আর বেকিং সোডা চুলের সব তেল শুষে নেবে, তা হয়ে উঠবে ঝলমলে উজ্জ্বল। তবে যত শিগগির সম্ভব শ্যাম্পু করে নেবেন।





