খাবার গিলতে সমস্যা হচ্ছে, কোভিড নাকি ক্যানসারের লক্ষণ? দেরি না করে বিস্তারে পড়ুন

খাবার গলায় আটকালে যে কেউ অস্বস্তিতে পড়বেন। পরিতৃপ্তি ও সুস্বাস্থ্য—দুটির জন্যই নিশ্চিন্ত মনে খেতে পারাটা জরুরি।সাধারণ গলাব্যথায় খাবার গিলতে কষ্ট হতে পারে। টনসিল কিংবা স্বরযন্ত্রের প্রদাহে গলাব্যথা ও জ্বরের পাশাপাশি খাবার গিলতে অসুবিধা হয়। এ সময় গরম চা, গরম স্যুপ ইত্যাদি পান করলে খানিকটা স্বস্তি মেলে। প্রয়োজনে ওষুধও সেবন করতে হয়।

গলার ভেতর বা জিবের গোড়ায় কোনো ক্ষত হয়েছে কি না খেয়াল করুন। এ কারণেও খাবার গিলতে কষ্ট হতে পারে। ক্ষতটি কেমন, তার ওপর নির্ভর করছে চিকিৎসার ধরন। লক্ষ করুন, শুরু থেকে তরল ও শক্ত—দুরকম খাবারই গিলতে কষ্ট হচ্ছে কি না। শুধু শক্ত খাবার খেতে অসুবিধা হলে কিংবা প্রাথমিক অবস্থায় শক্ত খাবার এবং পরে শক্ত ও তরল উভয় প্রকার খাবার গিলতে অসুবিধা হলে দেরি না করেই চিকিৎসকের পরামর্শ নিন।

মাঝেমধ্যে ঢোঁক গিলতে সমস্যা হলে এর পেছনে খুব গুরুতর কোনো কারণ না-ও থাকতে পারে। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসা নেওয়া জরুরি। যেমন
দীর্ঘদিন ধরে গেলার সমস্যা, পাশাপাশি ওজন হ্রাস, ঢোঁক গেলার সময় ব্যথা অনুভব, খাবার গিলতে অসুবিধার পাশাপাশি খাওয়ার পর শ্বাসরোধ হয়ে আসা বা কণ্ঠস্বরে পরিবর্তন, খাবার খেতে গিয়ে নাকে-মুখে উঠে আসা বা বারবার বিষম খাওয়া, গলনালি ও খাদ্যনালির কোনো সমস্যা বা ক্ষত প্রভৃতি।

টিউমার ও স্নায়ুজনিত সমস্যা—এমনকি স্ট্রোকের পর খাবার গিলতে সমস্যা হতে পারে। গলায় থাইরয়েড, টনসিল বা কোনো গ্রন্থি ফুলে যাওয়ার কারণেও হতে পারে। যা-ই হোক, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তবে কখনো সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পরেও নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না। এ নিয়ে ভয়ের কিছু নেই। অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির গলায় খাবার আটকে আছে বলে মনে হতে পারে। এ ক্ষেত্রে মানসিক চাপ ও অস্থিরতা এড়িয়ে চলাটাই সমাধান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy