রাতের খাবার শুধু খেলেই হয় না, কখন খাচ্ছেন তার ওপরেও নির্ভর করে আপনার শরীরের ভালো-মন্দ। ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলা আদর্শ। ভরপেট খেয়েই শুয়ে পড়লে হজমের সমস্যা হতে পারে। তার চেয়ে খাওয়া শেষ করে একটু হাঁটাচলা করুন বা বাড়ির অন্য কাজ করুন। এতে হজমেও সুবিধা হবে, আবার ঘুমও তাড়াতাড়ি আসবে।
দেরিতে খেলে যেসব সমস্যা হতে পারে:
বদহজম: খুব রাতে খেলে অনেক খাবারই হজম করতে সমস্যা হয়। কোন খাবারে কার সমস্যা হবে, সেটা সকলের জন্য একই ভাবে নির্ধারিত করা যায় না, তাই আপনাকেই বুঝতে হবে কোন খাবারে আপনার সমস্যা হচ্ছে। খাওয়ার পর পেটকে তা হজম করার জন্য একটু সময় দিন। বদহজম হয়ে পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে রাতের ঘুমও ঠিকমতো হবে না, তাতে শরীর আরও ক্লান্ত হয়ে পড়বে।
বিভিন্ন শারীরিক অসুস্থতা: বেশি রাতে খেলে অনেক সময় ঢেকুর ওঠে, গলা জ্বালা করে। মাথাব্যথা, ফুসফুসে প্রদাহের মতো সমস্যাও দেখা দিতে পারে। এছাড়াও, অনেকেই রাত ১১টায় বা তারও পরে খাবার খান। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিন এমনটা চলতে থাকলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।