ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা আর নতুন করে বলার কিছু নেই। এটি ক্যানসারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়, এ তথ্যও সকলেরই জানা। তবে এবার এক নতুন তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা। ধূমপানের কারণে শুধু ক্যানসার নয়, শরীরে বাড়ে ‘গোপন’ ওজনও! এই ওজন বাইরে থেকে দেখা যায় না, শরীরের অভ্যন্তরে নীরবে জমতে থাকে ফ্যাট।
বিজ্ঞানীরা এই অদৃশ্য ফ্যাটকে বলছেন ভিসেরাল ফ্যাট। বাইরে থেকে দেখা না যাওয়ায় এই ফ্যাট আরও বেশি বিপজ্জনক। কারণ এটি শরীরের নানা জটিল রোগের কারণ হতে পারে। আর এই ভিসেরাল ফ্যাটের প্রধান কারণ নাকি ধূমপান! সম্প্রতি এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিখ্যাত বিজ্ঞান বিষয়ক জার্নাল অ্যাডিকশনে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষণায় প্রায় ১২ লাখ ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ৪ লক্ষ ৫০ হাজার জন ছিলেন দীর্ঘদিনের ধূমপায়ী। অন্যদিকে, ছয় লক্ষ মানুষের শরীরে কোথায় এবং কীভাবে ফ্যাট জমা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত পরীক্ষানিরীক্ষা চালান গবেষকরা।
আগে অনেকেই মনে করতেন ধূমপানের কারণে ওজন কমে। তবে সাম্প্রতিক এই গবেষণা সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক জার্মান ডি ক্যারাসকুইলা সংবাদমাধ্যম আইএএনএস-কে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধূমপানের ফলে পেটের চারপাশে অর্থাৎ বেলি ফ্যাট জমতে শুরু করে। এই ফ্যাট দৃশ্যমান এবং কোমরের বেধের সঙ্গে নিতম্বের বেধের তুলনা করলেই এর পরিমাণ বোঝা যায়। তবে এর পরেই যে ফ্যাটটি সবচেয়ে বেশি জমা হয়, সেটি হলো ভিসেরাল ফ্যাট। তাই ধূমপানের অভ্যাস পরিবর্তন না করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে বলেই মত দিচ্ছেন চিকিৎসকরা।
ভিসেরাল ফ্যাট কীভাবে জমে শরীরে?
ভিসেরাল ফ্যাট স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। কারণ এটি শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গের চারপাশে জমা হতে শুরু করে। যেমন লিভার, হার্ট ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চারপাশে এই ফ্যাট নীরবে স্তূপীকৃত হতে থাকে। যাদের বাইরে থেকে দেখতে রোগা মনে হয়, তাদের শরীরের ভেতরের অঙ্গগুলোতেও এই ফ্যাট লুকিয়ে থাকতে পারে। আর এই কারণেই বিভিন্ন রোগের সূত্রপাত হয়।
ভিসেরাল ফ্যাট কেন বিপজ্জনক?
ভিসেরাল ফ্যাটকে বিপজ্জনক বলার কারণ হলো, আক্রান্ত ব্যক্তিকে বাইরে থেকে দেখে সম্পূর্ণ সুস্থ মনে হয়। অথচ তার শরীরের অভ্যন্তরে বিপজ্জনক ফ্যাট জমা হতে থাকে। এর ফলে হৃদরোগ, লিভার ও কিডনির বিভিন্ন রোগ এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই বড় ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।
তাই ধূমপানের অভ্যাস ত্যাগ করা শুধু ক্যানসারের ঝুঁকি কমানোর জন্যই জরুরি নয়, বরং শরীরের এই ‘গোপন’ ওজন অর্থাৎ ভিসেরাল ফ্যাট কমাতেও অপরিহার্য। এই বিষয়ে সচেতন হওয়া এবং সঠিক সময়ে ধূমপান ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ, বলছেন বিশেষজ্ঞরা