দুর্ঘটনাবশত পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা বাড়িতেই! জানুন কী করবেন, আর কি করবেন না

দুর্ঘটনাবশত পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা বাড়িতেই! জানুন কী করবেন আর কী করবেন না
দিনহাটা, ১৫ মে, ২০২৫: আগুনে পুড়ে যাওয়ার ঘটনা অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক। পোড়ার গভীরতার উপর নির্ভর করে এর তীব্রতা নির্ধারণ করেন চিকিৎসকরা। প্রথম ডিগ্রি পোড়া তুলনামূলকভাবে কম গুরুতর, যেখানে শুধু ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় ডিগ্রিতে ত্বকের গভীর স্তর পর্যন্ত পোঁছায়, ফলে ফোসকা পড়ে ও ত্বক সাদা হয়ে যায়। তৃতীয় ডিগ্রি পোড়ায় ত্বকের সব স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং চতুর্থ ডিগ্রিতে হাড় ও জয়েন্ট পর্যন্ত পুড়ে যেতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।

চিকিৎসকরা তৃতীয় ও চতুর্থ ডিগ্রি পোড়াকে জরুরি চিকিৎসা হিসেবে গণ্য করেন। তবে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি, অর্থাৎ ৩ ইঞ্চির কম ব্যাসের পোড়ার প্রাথমিক চিকিৎসা বাড়িতেই করা সম্ভব। হালকা পোড়া সাধারণত এক থেকে দুই সপ্তাহে সম্পূর্ণরূপে সেরে যায় এবং তেমন দাগও থাকে না। পোড়া চিকিৎসার মূল লক্ষ্য হলো ব্যথা কমানো, সংক্রমণ প্রতিরোধ করা এবং ত্বককে দ্রুত নিরাময় করা।

কিছু উপাদান ও কৌশল ব্যবহার করে ঘরে বসেই পোড়া ক্ষত ও দাগের চিকিৎসা করা যেতে পারে। জেনে নিন কী করবেন:

দ্রুত ঠান্ডা জল: পুড়ে গেলে যত দ্রুত সম্ভব ২০ মিনিটের জন্য পোড়া স্থানে ঠান্ডা জল ঢালুন। এরপর স্যাভলন বা ডেটল দিয়ে হালকাভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
শীতল কম্প্রেস: পরিষ্কার ভেজা কাপড় বা শীতল কম্প্রেস পোড়া জায়গায় রাখলে ব্যথা ও ফোলাভাব দ্রুত কমে যায়। ৫-১৫ মিনিট পরপর কম্প্রেস ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত ঠান্ডা কম্প্রেস ব্যবহার করবেন না।
অ্যান্টিবায়োটিক মলম: সংক্রমণ প্রতিরোধে ব্যাসিট্রাসিন বা নিওস্পোরিনের মতো অ্যান্টিব্যাকটেরিয়াল মলম পোড়া স্থানে লাগান। তারপর জীবাণুমুক্ত কাপড় বা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে দিন।
অ্যালোভেরা: অ্যালোভেরাকে ‘বার্ন প্ল্যান্ট’ বলা হয়। এটি প্রদাহবিরোধী, রক্তসঞ্চালনকে উৎসাহিত করে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়। প্রথম ও দ্বিতীয় ডিগ্রি পোড়ায় তাজা অ্যালোভেরার রস ব্যবহার করলে আরাম পাওয়া যায়।
মধু: মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ছোটখাটো পোড়ার সমস্যা সমাধানে এটি কার্যকর। মধুতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান পোড়ার চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখে।
সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন: পোড়া ক্ষত সরাসরি সূর্যের আলোতে খোলা রাখবেন না, কারণ পোড়া ত্বক সূর্যের প্রতি খুব সংবেদনশীল থাকে।
ফোসকা না ফাটানো: পোড়া স্থানে ফোসকা পড়া স্বাভাবিক, তবে তা নিজে থেকে ফাটাবেন না। ফোসকা ফাটালে সংক্রমণের ঝুঁকি বাড়ে। গুরুতর বা বড় আকারের ফোসকা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
পোড়া স্থানে ভুলেও যা ব্যবহার করবেন না:

মাখন: পোড়ার উপর মাখন ব্যবহার করা ভুল। এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং এটি পোড়ার ক্ষত আরও খারাপ করতে পারে। মাখন তাপ ধরে রাখে ও ক্ষতিকর ব্যাকটেরিয়া পোড়া ত্বককে সংক্রমিত করতে পারে।
তেল: নারকেল তেল, জলপাই তেল বা রান্নার তেল পোড়া স্থানে ব্যবহার করবেন না। সব ধরনের তেলই তাপ ধরে রাখে, ফলে ত্বক আরও পুড়ে যেতে পারে। যদিও ল্যাভেন্ডার তেল পোড়া নিরাময়ে সহায়ক বলে শোনা যায়, তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে।
ডিমের সাদা অংশ: পোড়া স্থানে ডিমের সাদা অংশ ব্যবহার করলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং অ্যালার্জির প্রতিক্রিয়াও হতে পারে।
টুথপেস্ট: পোড়া স্থানে টুথপেস্ট লাগাবেন না। এটি পোড়াকে আরও যন্ত্রণা দেয় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এটি জীবাণুমুক্তও নয়।
বরফ বা অতিরিক্ত ঠান্ডা জল: পোড়া স্থানে বরফ বা খুব বেশি ঠান্ডা জল ব্যবহার করলে ক্ষত আরও বাড়তে পারে।
কখন ডাক্তার দেখাবেন:

পোড়ার স্থান ৩ ইঞ্চি ব্যাসের বেশি হলে।
মুখ, হাত, নিতম্ব বা কুঁচকির অংশ পুড়ে গেলে।
ক্ষত বেদনাদায়ক বা দুর্গন্ধযুক্ত হয়ে উঠলে।
শরীরের তাপমাত্রা বেড়ে গেলে।
যদি মনে করেন তৃতীয়-ডিগ্রি বার্ন হয়েছে (ক্ষত স্থান সাদা হয়ে গেলে)।
এসব লক্ষণ দেখলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy