গরমকালে ঠান্ডা জলের চাহিদা থাকে তুঙ্গে। আর এই সময় মাটির পাত্রে জল পান করার উপকারিতা অনেক। বিশেষ করে মাটির কলসিতে রাখা জল প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে, যা ফ্রিজের জলের বিকল্প হতে পারে। শুধু তাই নয়, এই জলের স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি।
জানলে অবাক হবেন, মাটির পাত্রে বা কলসিতে রাখা জল পান করলে গরমে হিট স্ট্রোকের ঝুঁকি যেমন কমে, তেমনই শরীর থাকে সতেজ ও হাইড্রেটেড।
ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ও লেখক ড. আবরার মুলতানির মতে, মাটির পাত্রের জল ওষুধের মতো কাজ করে। এটি প্রাকৃতিকভাবে জলকে বিশুদ্ধ করে তোলে। যদি পাত্রটি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি বাজারের যেকোনো ওয়াটার ফিল্টারের চেয়েও বেশি উপকারী প্রমাণিত হতে পারে।
গ্যাস্ট্রিকের সমস্যা কমায়:
ডা. আবরার মুলতানি মাটির কলসির জলকে ওষুধের সঙ্গে তুলনা করেছেন। কারণ এই জলের প্রকৃতি ক্ষারীয়, অর্থাৎ এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে শান্ত করতে সাহায্য করে। এর ফলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া যায়।
হিট স্ট্রোক থেকে রক্ষা করে:
গরমকালে হিট স্ট্রোক একটি অত্যন্ত বিপজ্জনক স্বাস্থ্য সমস্যা। এর ফলে জ্বর, বিভ্রান্তি, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। মাটির পাত্রের জলে কিছু প্রাকৃতিক খনিজ পদার্থ থাকে, যা শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং হিট স্ট্রোক প্রতিরোধ করে।
শরীরকে হাইড্রেট রাখে:
ডা. মুলতানির মতে, শরীরকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেট করার জন্য খুব বেশি ঠান্ডা বা গরম জলের প্রয়োজন নেই। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ঠান্ডা জলই ডিহাইড্রেশন নিরাময় করতে যথেষ্ট। তাই শরীরকে হাইড্রেট রাখার জন্য মাটির পাত্রের জল অন্যতম সেরা বিকল্প।
প্রাকৃতিক ফিল্টারের নিশ্চয়তা:
মাটির পাত্রে জল রাখলে তা প্রাকৃতিকভাবে ফিল্টার হয়। কলসির ছোট ছোট অসংখ্য ছিদ্রের মাধ্যমে ধীরে ধীরে জল চুঁইয়ে নামে এবং এই ছিদ্রগুলোতে জলের ময়লা ও দূষিত কণা আটকে যায়, যা জলকে বিশুদ্ধ করে তোলে। তবে জলের বিশুদ্ধতা বজায় রাখতে হলে মাটির পাত্রের সঠিক ব্যবহার জানা জরুরি।
মাটির পাত্রে জল সংরক্ষণের সঠিক উপায়:
মাটির পাত্রে জল সংরক্ষণের জন্য প্রথমে জল এক মিনিটের জন্য ফুটিয়ে নিন। এরপর জ্বাল থেকে নামিয়ে জল ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে সেই জল মাটির পাত্রের ভেতরে সংরক্ষণ করুন। এই পদ্ধতি অবলম্বন করলে মাটির পাত্রের জলের গুণাগুণ বজায় থাকে এবং স্বাস্থ্য উপকারিতা বৃদ্ধি পায়।
তাই এই গরমে ফ্রিজের কৃত্রিম ঠান্ডা জলের পরিবর্তে প্রকৃতির দান মাটির পাত্রের জলের উপকারিতা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।