ক্যান্সারের নাম শুনলেই আতঙ্কিত হন অনেকেই, যার প্রধান কারণ এই রোগ সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব। তবে আশার কথা হলো, কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে অবগত থাকলে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার চিহ্নিত করা সম্ভব।
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল ১.৪৬ মিলিয়ন এবং ধারণা করা হচ্ছে ২০২৫ সালে এই সংখ্যা প্রায় ১.৫৭ মিলিয়নে পৌঁছাতে পারে। তবে উন্নত চিকিৎসা ব্যবস্থার কল্যাণে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণের মাধ্যমে সুস্থতার হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ অমিতাভ সিং-এর মতে, “প্রাথমিক সনাক্তকরণ জীবন বাঁচায়।”
কিন্তু সমস্যা হলো, অনেকেই ছোটখাটো উপসর্গকে গুরুত্ব দেন না এবং চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করেন। অথচ এই উপসর্গগুলোই প্রাথমিক পর্যায়ে ক্যান্সার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যান্সারের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ:
১. অকারণ ওজন হ্রাস: কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমে যাওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। অগ্ন্যাশয়, পাকস্থলী, খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এই লক্ষণ বিশেষভাবে দেখা যায়।
২. অতিরিক্ত ক্লান্তি: ক্যান্সার বৃদ্ধির সাথে সাথে কিছু ক্ষেত্রে চরম ক্লান্তি অনুভূত হতে পারে, যা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও দূর হয় না। লিউকেমিয়ার প্রাথমিক পর্যায়ে ক্লান্তি একটি সাধারণ লক্ষণ।
৩. অন্ত্র ও মূত্রাশয়ের অভ্যাসে পরিবর্তন: দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। অন্যদিকে, প্রস্রাব করার সময় ব্যথা, রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে।
৪. ক্ষতের নিরাময়ে বিলম্ব: শরীরে কোনো ক্ষত যদি চার সপ্তাহ পরেও না সারে, তবে সেই ক্ষতের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এটি ত্বকের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
৫. গিলতে অসুবিধা: ক্রমাগত বদহজম বা কোনো কিছু গিলতে সমস্যা হলে তা খাদ্যনালী, পাকস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে।
৬. স্তনে পরিবর্তন: পুরুষদের তুলনায় নারীদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। স্তন ক্যান্সারের দ্রুত সনাক্তকরণের জন্য মহিলাদের নিয়মিত স্তন স্ব-পরীক্ষা করা উচিত। স্তনবৃন্তের আকৃতি বা রঙের পরিবর্তন, স্তনে বা বগলের কাছে ফুসকুড়ি, মাংস শক্ত হয়ে যাওয়া বা স্তনের ভেতরের দিকে বা পাশে বাঁক নেওয়া স্তন ক্যান্সারের কয়েকটি লক্ষণ।
৭. শরীরের কোনো অংশে শক্ততা বা লিম্ফ নোড: স্তন, অণ্ডকোষ, গ্রন্থি বা শরীরের নরম টিস্যুতে অনেক সময় ছোট শক্ত টিউমারের মতো অনুভূত হতে পারে। দেহে মাংস জমাট বেঁধে শক্ত হয়ে থাকা ক্যান্সারের প্রাথমিক বা পরবর্তী উপসর্গ হতে পারে।
উপরের লক্ষণগুলোর কোনোটি অনুভব করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ক্যান্সার পরীক্ষা করান। এর পাশাপাশি, তামাকের ব্যবহার পরিহার করুন, ফলমূল ও শাকসবজির মতো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন। সচেতনতাই পারে ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে জীবন বাঁচাতে।