হঠাৎ সকালে ঘুম ভেঙে বুকে ব্যথায় চমকে ওঠেন অনেকেই। কয়েক দিন পর ফের একই অভিজ্ঞতা। এই ঘটনা বার বার ঘটতে থাকলে, এক সময়ে তা গা-সওয়া হয়ে যায়। ভয়ও কমে আসে। অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিতে চান না, অবহেলা করেন।
পরিস্থিতি এমন দাঁড়ালে অনেক সময়েই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা মনে হলেও, নানা কারণে আর যাওয়া হয়ে ওঠে না। সমীক্ষা বলছে, এক শতাংশের বেশি মানুষ এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত চিকিৎসকের কাছে যান না।
কিন্তু সকালে ঘুম থেকে উঠে বুকে ব্যথা কী ধরনের সমস্যার ইঙ্গিত দেয়, তা নিয়ে যথেষ্ট উদ্বেগের অবকাশ রয়েছে।
অনেকেরই মনে হতে পারে বুকে ব্যথা মানেই হৃদরোগের সমস্যা। এই ভয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আবার যখন বুকে ব্যথা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়, তখন অনেকে ধরে নেন হয়তো এটি তেমন গুরুতর কিছু নয়। হয়তো হজমের গোলমালের কারণেই এমন হচ্ছে। তবে এই ধারণার বাইরেও অন্য কিছু সমস্যা থাকতে পারে বলে জানাচ্ছেন একদল গবেষক।
পরিবারিক স্বাস্থ্য সংক্রান্ত একটি গবেষণা পত্রে তাঁরা উল্লেখ করেছেন, অনেক সময় সকালের দিকে স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ে। এর থেকেও মাঝে মাঝে বুকে ব্যথা অনুভূত হতে পারে। তবে স্ট্রেস হরমোনের অতিরিক্ত ক্ষরণ শরীরের জন্য নানাভাবে ক্ষতিকর হতে পারে। গবেষকদের মতে, শুধুমাত্র হার্টের সমস্যা হয়নি ভেবে চিকিৎসকের কাছে না যাওয়ার অভ্যাস একেবারেই উচিত নয়।
তাঁরা আরও জানিয়েছেন, বুকে ব্যথাকে হালকাভাবে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ না নেওয়ার প্রবণতা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই, হঠাৎ সকালে বুকে ব্যথা অনুভব করলে বা এই সমস্যা দীর্ঘ দিন ধরে চলতে থাকলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অবহেলা নয়, সচেতনতাই পারে আপনাকে সুস্থ রাখতে।