সাবধান! এই খাবারগুলি কাঁচা খেলে মারাত্মক বিপদ হতে পারে!

আমরা হয়তো কাঁচা মাংস বা কাঁচা ডিম খেতে চাইব না, কিন্তু রান্না না করে কাঁচা কাঠবাদাম বা কাঁচা দুধ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। জানেন কি, কিছু খাবার কাঁচা বা আধা সিদ্ধ অবস্থায় খাওয়া কতটা বিপজ্জনক হতে পারে? আজকের ফিচারে এমনই কিছু গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করা হলো, যা খাওয়ার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
১. আলু
অনেক সবজিই কাঁচা বা আধা সিদ্ধ খাওয়া যায়, কিন্তু ভুলেও আলু কাঁচা খাওয়ার কথা ভাববেন না। টেরা’স কিচেনের চিফ নিউট্রিশনিস্ট ড. লিসা ডেভিস জানিয়েছেন, আলুতে থাকা শর্করা সহজে হজম হতে চায় না। আরও ভয়াবহ তথ্য হলো, যদি কাঁচা আলু বদ্ধ ও ভ্যাপসা কোনো স্থানে রাখা হয়, তবে আলুতে সবুজ রঙের বিষাক্ত একটি পদার্থ তৈরি হয়, যার নাম সোলানাইন। কোনো আলুতে এমন সবুজাভ দেখা দিলে সেই আলু রান্না করেও খেতে নিষেধ করেন লিসা।
২. বেগুন
আলু বদ্ধ ও ভ্যাপসা স্থানে রাখলে সোলানাইন তৈরি হয়, কিন্তু কচি বেগুনে প্রাকৃতিকভাবেই এই সোলানাইন উপস্থিত থাকে। ফলে সদ্য খেত থেকে তুলে আনা কচি বেগুন খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়াও, বেগুন খাওয়ার ফলে অনেকের বিভিন্ন অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
৩. স্প্রাউটস (অঙ্কুরিত বীজ)
অবশ্যই স্প্রাউটস খুবই স্বাস্থ্যকর। তবে কিছু স্প্রাউটসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ই. কোলাই, স্যালমোনেলা ও লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে। যে কারণে স্প্রাউটস কেনার সময় সতর্ক থাকার পাশাপাশি স্প্রাউটস ভালোভাবে পরিষ্কার করা, রান্না ও সিদ্ধ করার বিষয়েও সতর্ক থাকতে হবে।
৪. তিতা কাঠবাদাম
কাঠবাদাম মূলত দুই ধরণের হয়— তিতা কাঠবাদাম ও মিষ্টি বা স্বাদু কাঠবাদাম। আমরা সাধারণত খাওয়ার জন্য কিংবা রান্নায় মিষ্টি কাঠবাদাম ব্যবহার করি। অন্যদিকে, তিতা কাঠবাদামে থাকে হাইড্রোসায়ানিক অ্যাসিড, যা হাইড্রোজেন সায়ানাইড ও জলের একটি বিষাক্ত মিশ্রণ। জেনে অবাক হবেন, মাত্র ৭০টি তিতা কাঠবাদাম একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। যে কারণে কাঠবাদাম কেনার সময় খুব ভালোভাবে দেখে কিনতে হবে।
৫. দুধ
এই তালিকায় দুধের নাম দেখে অনেকেই অবাক হবেন। কিন্তু জেনে রাখুন, কাঁচা ও জ্বাল দেওয়া ছাড়া দুধ স্বাস্থ্যের জন্য ভীষণ হুমকিস্বরূপ। পাস্তুরিত বিহীন দুধে ই. কোলাই ও স্যালমোনেলা ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এছাড়াও, কাঁচা দুধ প্রায় ১৫০ ধরণের শারীরিক সমস্যা তৈরির জন্যও দায়ী। যে কারণে দুধ কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, দুধ পাস্তুরিত কিনা। এবং বাড়িতে ভালোভাবে জ্বালিয়ে তবেই দুধ পান করতে হবে।
৬. সসেজ
এমনিতেও সসেজে খুব একটা স্বাস্থ্য উপকারিতা ও উপকারী পুষ্টিগুণ থাকে না। তার উপরে যদি কাঁচা সসেজ খাওয়া হয়, সেটা স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্যাকেটজাত সসেজ থেকে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া পাওয়া যায়, যা কেবলমাত্র উচ্চতাপে বিনষ্ট হয়।