শিশুদের নাক ডাকা কি শুধুই সর্দি? আসল কারণ জানালেন বিশেষজ্ঞ

অনেক শিশুই ঘুমের মধ্যে নাক ডাকে, আর শীতকালে এই সমস্যা যেন আরও বেড়ে যায়। বিশেষ করে যেসব শিশুরা অ্যালার্জি ও সর্দিজনিত সমস্যায় ভোগে, তাদের মধ্যে নাক ডাকার প্রবণতা বেশি দেখা যায়।
নাক ডাকা একটি অত্যন্ত অস্বস্তিকর সমস্যা। ঘুমের মধ্যে নাক ডাকা অনেক শিশু টের না পেলেও, এটি তাদের স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে।
একাধিক গবেষণায় দেখা গেছে, মাঝবয়সীদের মধ্যে ৪০ শতাংশ পুরুষ ও ২০ শতাংশ নারী ঘুমের মধ্যে নাক ডাকেন। সাম্প্রতিক বেশ কয়েকটি সমীক্ষা বলছে, গড়ে প্রতি দু’জন ব্যক্তির মধ্যে একজন নাক ডাকেন। তবে এই সমস্যা শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিশুদের মধ্যেও ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রে শ্বাসযন্ত্রের সমস্যা, শরীরের অতিরিক্ত ওজন ও অন্যান্য বেশ কিছু কারণে নাক ডাকার সমস্যা হতে পারে।
তবে বেশিরভাগ বাবা-মা মনে করেন, সর্দি অথবা অ্যালার্জির কারণেই হয়তো শিশু নাক ডাকে। তাদের ধারণা, সর্দি বা অ্যালার্জির কারণে শিশুর নাক বন্ধ হয়ে যায়, তাই ঘুমোলেই সে নাক ডাকে। আর এই ধারণার উপর ভিত্তি করেই চলে চিকিৎসা।
শিশুর নাক ডাকার এই সমস্যা বন্ধ করতে অনেক বাবা-মা নাজাল ড্রপ, ইনহেলার বা অ্যান্টি অ্যালার্জি ওষুধপত্রের উপর ভরসা করেন এবং এর মাধ্যমেই নাক ডাকার সমস্যা নিরাময়ের চেষ্টা চালান।
তবে ভারতের প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ ডা. তুষারকান্তি ঘোষ এই ধারণাকে ভুল বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ছোটদের মধ্যে নাক ডাকার প্রধান কারণ মূলত বড় অ্যাডিনয়েড ও টনসিল। তবে এর মধ্যে মূলত অ্যাডিনয়েডই শিশুদের নাক ডাকার সমস্যার জন্য বেশি দায়ী।
অ্যাডিনয়েড কী?
ডা. ঘোষ ব্যাখ্যা করেন, অ্যাডিনয়েড হল নাশারন্ধ্রের পেছনে, জিভের উপরের দিকে থাকা একটি মাংসপিণ্ড বা কোষের সমষ্টি। এটি স্বাভাবিকের চেয়ে বেশি বড় হয়ে গেলে তা শ্বাস-প্রশ্বাসের পথে বাধা সৃষ্টি করে। যার ফলে শিশু নাক ডাকার সমস্যায় ভোগে।
চিকিৎসা:
যদি অ্যাডিনয়েড বড় হয়ে যাওয়ার কারণেই শিশুর নাক ডাকার সমস্যা হয়, তবে এর সঠিক চিকিৎসা হলো অস্ত্রোপচার করে অ্যাডিনয়েড কেটে ফেলা। এ বিষয়ে ডা. তুষারকান্তি ঘোষ জানান, আধুনিক কুবলেশন পদ্ধতি ব্যবহার করে প্রায় বিনা রক্তপাতে কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাডিনয়েডের অস্ত্রোপচার করা সম্ভব। এই পদ্ধতির সুবিধা হলো, অস্ত্রোপচারের মাত্র ৫ ঘণ্টার মধ্যেই শিশু স্বাভাবিক জীবন শুরু করতে পারে এবং ২৪ ঘণ্টার মধ্যেই পুরোপুরি সেরে ওঠা সম্ভব।
তাই, আপনার শিশু যদি শীতে ঘন ঘন নাক ডাকে, তবে শুধু সর্দি বা অ্যালার্জির উপর নির্ভর করে চিকিৎসা না করে, একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ বড় অ্যাডিনয়েড হতে পারে এর মূল কারণ, যার আধুনিক চিকিৎসার মাধ্যমে দ্রুত ও কার্যকর সমাধান সম্ভব।