শত চেষ্টাতেও ওজন কমছে না? জানুন ডায়েট ব্যর্থ হওয়ার কারণ

শরীরের অতিরিক্ত ওজন আজকাল নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্যই দুশ্চিন্তার কারণ। ওজন কমাতে কঠোর ডায়েট ও ব্যায়ামের বিকল্প নেই। তবে অনেক সময় নিয়ম মেনে ডায়েট করার পরেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না। মাসের পর মাস ডায়েট করছেন, তবুও আশানুরূপ ফল মিলছে না। চলুন জেনে নেওয়া যাক, কী কী কারণে আপনার ডায়েট কার্যকর হচ্ছে না:

প্রথমেই নিজে নিজে অনেক খাবার কমানো: ডায়েট কাজ না করার এটি একটি প্রধান কারণ। মনে রাখবেন, নিজে নিজে ডায়েট শুরু করে খুব কম খাবার খেয়ে দীর্ঘ দিন থাকা সম্ভব নয়। কিছু ওজন কমার পর যখন আর এত কম খাবার সহ্য করা যায় না, তখন ডায়েট করা বন্ধ হয়ে যায়। ফলে ওজন আবার আগের জায়গায় ফিরে আসে।

ডায়েটকালীন অন্যের সঙ্গে আলোচনা: অনেক সময় ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট শুরু করার পরেও অনেকে বিভিন্ন জনের কাছ থেকে ভিন্ন ভিন্ন পরামর্শ পান এবং বিভ্রান্ত হন। এর ফলে ডায়েটকারীর মনোযোগ সরে যেতে পারে এবং সে ডায়েট বাদ দিয়ে আগের অভ্যাসে ফিরে যেতে পারে।

সময়মতো ডায়েটের ফলোআপ না করা: ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী এক মাস ডায়েট করার পর অনেকেই ফলোআপের জন্য আর যান না। এতে ওজন কিছুটা কমে থেমে যায়। আশানুরূপ ফল না পাওয়ায় অনেকে হতাশ হয়ে ডায়েট ছেড়ে দেন। অন্যদিকে, ওজন না কমার কারণেও অনেকে ডায়েট থেকে সরে আসেন। ফলে ডায়েট আর সঠিকভাবে করা হয়ে ওঠে না।

দুর্বলতা ডায়েটের বড় বাধা: ডায়েট শুরুর আগে শারীরিক পরীক্ষা, বিশেষ করে পুষ্টির মাত্রা পরীক্ষা না করালে অথবা অতিরিক্ত কম পুষ্টিকর খাবার গ্রহণ করলে অল্প ওজন কমার পরই অনেকে দুর্বল হয়ে পড়েন। তখন শরীর আর ডায়েট করার জন্য সায় দেয় না। দুর্বল হয়ে গেলে পরিবার থেকেও ডায়েট করতে বাধা আসতে পারে। ফলে ডায়েট মাঝপথে বন্ধ হয়ে যায়।

একই ডায়েট দিনের পর দিন অনুসরণ করা: নিজের তৈরি করা ডায়েট অথবা ডায়েটিশিয়ানের দেওয়া একটি ডায়েট যদি দীর্ঘ সময় ধরে অনুসরণ করতে থাকেন, তবে তা শরীরে পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে। এর ফলে ত্বক ও চুলের ক্ষতি হতে পারে। এই ক্ষতি মেনে নিতে না পেরে অনেকেই ডায়েট ছেড়ে আবার আগের অবস্থায় ফিরে যান।

এভাবে অনেকে ডায়েট শুরু করার পরেও বিভিন্ন কারণে তা আর কার্যকর হয় না। তাই ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে ডায়েট করা এবং নিয়মিত ফলোআপে থাকা অত্যন্ত জরুরি।