ওভারিয়ান সিস্ট কী? কেন হয়? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট হওয়া একটি সাধারণ ঘটনা। অনেক নারীই এই ওভারিয়ান সিস্টের সমস্যায় ভুগে থাকেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে এনটিভির স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনে আলোচনা করেছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জয়শ্রী সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আওয়ার স্বাক্ষর।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক ডা. জয়শ্রী সাহার কাছে ওভারিয়ান সিস্ট হওয়ার কারণ এবং এর কোনো নির্দিষ্ট বয়সসীমা আছে কি না, তা জানতে চান।
জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, “এখন আমরা অ্যাডোলেসেন্ট রোগীদের মধ্যে পলিসিস্টিক ওভারি বেশি দেখতে পাচ্ছি। যাদের হঠাৎ করে ওজন বেড়ে যায় অথবা যাদের মাসিকের অনিয়ম হয়, তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। এর সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও, ওজন বেড়ে যাওয়ার কারণে হরমোনের ভারসাম্যহীনতা এবং শরীরে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে ওভারিতে সিস্ট তৈরি হতে পারে।”
তিনি আরও যোগ করেন, “আমরা যদি এন্ডোমেট্রিয়োসিস বা চকলেট সিস্টের কথা চিন্তা করি, সেখানে কোনো নির্দিষ্ট কারণ নেই। তবে কিছু জেনেটিক বা বংশগত কারণ এর জন্য দায়ী হতে পারে।”
সঞ্চালক জানতে চান, এক্ষেত্রে পারিবারিক ইতিহাসের কোনো ভূমিকা আছে কি না। উত্তরে ডা. জয়শ্রী সাহা বলেন, “এন্ডোমেট্রিয়োসিস বা চকলেট সিস্টের সাথে পারিবারিক ইতিহাস জড়িত। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজও জেনেটিক অর্থাৎ পারিবারিক। তবে সব ধরনের ওভারিয়ান সিস্টের ক্ষেত্রেই পারিবারিক ইতিহাস থাকতে হবে অথবা বংশে কারও থাকতে হবে, এমনটা সবসময় প্রযোজ্য নয়।”
ওভারিয়ান সিস্ট কী, এর উপসর্গগুলো কী কী এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে ডা. জয়শ্রী সাহা এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরামর্শ দিয়েছেন। সেখানে বিশেষজ্ঞের মূল্যবান পরামর্শ পাওয়া যাবে।