রোজ শেভ করা কি ত্বকের জন্য ক্ষতিকর? বিশেষজ্ঞদের মত জানুন

অনেক পুরুষই প্রতিদিন দাড়ি শেভ করার অভ্যাসে অভ্যস্ত। কেউ প্রয়োজনে, কেউ শখে বা অভ্যাসের বশে নিয়মিত দাড়ি কামান। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে যান, তাদের কাছে এটি একটি রুটিনমাফিক কাজ। তবে এই অভ্যাসটি কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সম্প্রতি ‘হেলথলাইন’ জার্নালে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রকাশিত হয়েছে। তাদের বেশিরভাগেরই অভিমত, প্রতিদিন দাড়ি কামানো মুখের পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা দিলেও, ত্বকের স্বাস্থ্যের জন্য এটি মোটেও ভালো নয়।
কেন এমন মনে করেন বিশেষজ্ঞরা?
চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়মিত দাড়ি কামানোর ফলে লোমকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায়। এই খোলা ছিদ্রপথে সহজেই বিভিন্ন জীবাণু প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে। দাড়ি না কাটলে সময়ের সাথে সাথে উন্মুক্ত গোড়াগুলো বন্ধ হয়ে আসে এবং জীবাণুগুলোও মারা যায়। কিন্তু প্রতিদিন শেভ করার কারণে লোমকূপের গোড়াগুলো আর বন্ধ হওয়ার সুযোগ পায় না। ফলে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
প্রতিদিন দাড়ি কামানোর ক্ষতিকর প্রভাব:
চিকিৎসকদের দাবি, ত্বকের সাধারণ সংক্রমণ নিয়মিত দাড়ি শেভ করার মাধ্যমেই শুরু হতে পারে। ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি এবং অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ দিন ধরে এই অবস্থা চলতে থাকলে তা আরও বড় ধরনের রোগের কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের পরিবর্তে এক বা দুই দিন অন্তর দাড়ি শেভ করা ত্বকের জন্য তুলনামূলকভাবে ভালো। দাড়ি শেভ করার আগের রাতে ত্বকে সামান্য ময়েশ্চারাইজার বা ক্রিম লাগালে ত্বক নরম থাকে। শেভ করার সময় অবশ্যই ভালো মানের শেভিং জেল বা ক্রিম ব্যবহার করা উচিত। এটি ত্বকের জ্বালাভাব কমাতে এবং সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমাতে সাহায্য করতে পারে।