মশা কামড়ালেই সারা গায়ে চাকা চাকা? আয়ুর্বেদিক উপায়ে মুক্তি পান চটজলদি!

মশা কামড়ানোর পর ত্বকের সেই জায়গাটি চুলকায়, লাল হয়ে ফুলে ওঠে—এটা খুবই সাধারণ ঘটনা। তবে অনেকের ক্ষেত্রে মশার কামড়ের সামান্য প্রতিক্রিয়াতেই সারা গায়ে ছড়িয়ে পড়ে ছোট ছোট ফুসকুড়ি। নখ দিয়ে চুলকাতে গেলে ত্বকে স্থায়ী দাগও পড়ে যায়।
তবে এই সমস্যার একটি সহজ আয়ুর্বেদিক সমাধান বাতলেছেন ভারতের জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও আয়ুর্বেদ চিকিৎসক অপর্ণা পদ্মনাভন।
তিনি জানান, ‘মশার কামড়ে সবার শরীরেই যে ফুসকুড়ি বের হয়, তা নয়। তবে অনেকের ক্ষেত্রেই সাধারণ মশার কামড়ে সারা গায়ে লালচে চাকা চাকা ফুসকুড়ি দেখা দেয় এবং ফুলে যায়। চিকিৎসা পরিভাষায় এই অবস্থাকে স্কিটার সিন্ড্রোম (Skeeter Syndrome) বলা হয়।’
কারও কারও ক্ষেত্রে মশা কামড়ানোর পর ফোলা অংশ থেকে রস গড়াতেও দেখা যায়। মশার কয়েল, স্প্রে বা গায়ে মাখার রাসায়নিকযুক্ত ক্রিম কিনে অর্থ খরচ না করে ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন আয়ুর্বেদ চিকিৎসক অপর্ণা। এক্ষেত্রে তিনি তিনটি সহজ ঘরোয়া প্রতিকারের কথা বলেছেন:
১. নিম পাতা ও মধু:
কয়েকটি নিম পাতা ভালোভাবে বেটে নিন। এর সাথে পরিমাণ মতো খাঁটি মধু মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। মশার কামড়ের ফলে ত্বকে যেখানে লালচে দাগ বা ফুসকুড়ি হয়েছে, সেখানে এই নিম পাতার মিশ্রণটি লাগিয়ে রাখুন। নিমের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের প্রদাহ কমাতে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং নিরাময় প্রক্রিয়াকে দ্রুত করবে।
২. তুলসি পাতা ও কাঁচা হলুদ:
কয়েকটি তুলসি পাতা ও সামান্য কাঁচা হলুদ একসঙ্গে মিহি করে বেটে নিন। মশার কামড়ের দাগযুক্ত স্থানগুলোতে এই তুলসি পাতা ও কাঁচা হলুদের বাটা লাগিয়ে রাখুন। তুলসিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের জ্বালা ও চুলকানি কমাতে সহায়ক। কাঁচা হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।
৩. অ্যালোভেরা জেল, মধু ও কাঁচা হলুদ:
তাজা অ্যালোভেরা জেল বের করে নিন। এর সাথে কয়েক ফোঁটা মধু ও সামান্য কাঁচা হলুদ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মশার কামড়ের দাগের উপর মেখে রাখুন। অ্যালোভেরা ত্বকের শীতলতা প্রদান করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। মধু এবং কাঁচা হলুদ তাদের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণের জন্য ত্বকের দ্রুত নিরাময়ে সহায়ক।
এই সহজ আয়ুর্বেদিক প্রতিকারগুলি মশার কামড়ের অস্বস্তি এবং ত্বকের ফুসকুড়ি কমাতে সাহায্য করতে পারে। তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রাসায়নিক দ্রব্যের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য উপকারী।