দলের পরিবেশ নিয়ে অখুশি ছিলেন বিরাট! টেস্ট ছাড়ার আসল কারণ ফাঁস করে দিলেন প্রাক্তন তারকা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে মাঠে নামার ঠিক আগে ভারতীয় ক্রিকেট দলের অন্দরমহল নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ (Mohammad Kaif)। কাইফের মতে, টিম ইন্ডিয়ার ভেতরের পরিবেশ এবং মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে না পেরেই অভিমানে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

কাইফের ইউটিউব চ্যানেলে বিস্ফোরক মন্তব্য

নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করতে গিয়ে মোহাম্মদ কাইফ বলেন, তিনি যখনই কোহলির সাম্প্রতিক ইন্টারভিউ বা প্রতিক্রিয়াগুলি দেখেছেন, তখনই সেখানে এক ধরণের স্পষ্ট অসন্তোষ লক্ষ্য করেছেন। কাইফের কথায়, “বিরাট কোহলি ফর্মহীনতার মধ্য দিয়ে গেলেও তিনি কিংবদন্তি খেলোয়াড়। কিন্তু তাঁর সাক্ষাৎকারগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় যে, দলের অন্দরের পরিবেশ নিয়ে তিনি খুশি ছিলেন না। একসময় মনে হচ্ছিল তাঁকে ঠিকমতো মূল্যায়ন করা হচ্ছে না এবং তাঁর ওপর আস্থার অভাব দেখা যাচ্ছিল। আমার বিশ্বাস, তিনি যদি টেস্ট ক্রিকেট চালিয়ে যেতেন, তবে ঠিকই দুর্দান্ত কামব্যাক করতেন।”

ওডিআই বিশ্বকাপের পরেও কি খেলবেন কোহলি?

কোহলির ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে কাইফ আরও ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমান ফর্ম এবং ফিটনেস বজায় থাকলে আসন্ন ওডিআই বিশ্বকাপের পরেও বিরাটকে মাঠ থেকে বিদায় জানাতে হয়তো রাজি হবেন না নির্বাচকরা। তাঁর দুর্দান্ত ফর্ম দেখে তাঁকে দলে রেখে দেওয়ার দাবি উঠবে। বিশেষ করে বর্তমান অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) মতো তরুণ নেতার পাশে ড্রেসিংরুমে কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি যে অত্যন্ত জরুরি, তাও স্পষ্ট করে দিয়েছেন কাইফ।