পেঁপে পাতার রস: শুধু হজম নয়, রোগ প্রতিরোধেও এই প্রাকৃতিক দাওয়াই!

পেঁপে একটি অত্যন্ত উপকারী ফল, আর এর পাতাও কম গুণসম্পন্ন নয়। পেটের নানা সমস্যার সমাধান থেকে শুরু করে বহু রোগের প্রতিরোধে পেঁপে পাতা দারুণ কার্যকরী। তবে এটি কীভাবে খাওয়া যায়, সেটি জানা জরুরি। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, নিয়ম মেনে পেঁপে পাতার রস খেলে বহু ধরনের রোগ সেরে যেতে পারে বা প্রতিহত হতে পারে। কিন্তু কীভাবে বানাবেন এই রস? জেনে নিন এর তৈরির পদ্ধতি ও উপকারিতা।

পেঁপে পাতায় কিছু জীবাণু থাকতে পারে, তাই সবচেয়ে ভালো হচ্ছে প্রথমে পাতাগুলো অল্প কিছু ক্ষণ ফুটিয়ে নেওয়া। এরপর সেই পাতা জল থেকে তুলে ব্লেন্ডারে দিয়ে রস করে নিতে পারেন, অথবা আগেকার দিনের মতো থেঁতো করেও রস বানাতে পারেন। এই রস পান করলে কী কী উপকার হয়, দেখে নিন:

১. হজমে সাহায্য করে
পেঁপে পাতার রস গ্যাস, পেট ফোলাভাব এবং বুকজ্বালা-সহ নানা ধরনের পেটের সমস্যা কমাতে পারে। এছাড়াও, পেঁপে পাতায় ফাইবার এবং প্যাপেইন নামক যৌগ রয়েছে, যা হজমের উন্নতিতে সাহায্য করে। তাজা পেঁপে পাতার নির্যাস অন্ত্রের নানা ধরনের সংক্রমণ কমাতেও কার্যকর।

২. ত্বক ভালো রাখে
ত্বকের নানা ধরনের সমস্যায় অনেকেই ভোগেন, বিশেষ করে ত্বকের র‌্যাশের সমস্যা তো অনেকেরই হয়। এক্ষেত্রেও কাজে লাগতে পারে পেঁপে পাতা। ত্বকের মৃত কোষ পরিষ্কার করে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এর নানা উপাদান।

৩. জ্বরের সমস্যা মোকাবিলা
বিশেষ করে ডেঙ্গু জাতীয় অসুখের ক্ষেত্রে যে ধরনের সমস্যা হয়, সেগুলি আটকাতে দারুণ কাজ করে পেঁপে পাতার রস। জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি বমি ভাব, বমি এবং ত্বকের প্রদাহের মতো উপসর্গগুলিকেও এই রস নিয়ন্ত্রণ করে। এমনকী যখন রক্তে প্লেটলেটের মাত্রা কমে যায়, তখন পেঁপে পাতার রস খেলে প্লেটলেটের মাত্রা বাড়তে পারে, যা জীবন রক্ষাকারী হতে পারে।

৪. ঘাড়ে ব্যথা নিরাময়
শরীরের ভেতরের এবং বাইরের প্রদাহ কমাতে দারুণ সাহায্য করে পেঁপে পাতার রস। যাদের ঘাড়ে ব্যথার মতো সমস্যা আছে, তারা যদি নিয়মিত পেঁপে পাতার রস খান, তাহলে কমে যেতে পারে এই ব্যথা।

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা
বর্তমান চিকিৎসাবিজ্ঞান এখনও এই বিষয়ে সুস্পষ্ট মন্তব্য না করলেও, মেক্সিকোর প্রাচীন লোকচিকিৎসায় ডায়াবেটিস আটকাতে পেঁপে পাতার ব্যবহারের কথা বলা আছে। পেঁপে পাতার রস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হয় বলে মনে করা হত আদি যুগেই। হালের গবেষণাও বলছে, পেঁপে পাতার নির্যাসে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।

পেঁপে পাতার এই আশ্চর্য গুণাবলী জেনে, আপনার দৈনন্দিন জীবনে এর ব্যবহার আপনার স্বাস্থ্যকে আরও উন্নত করতে সাহায্য করবে।