বউকে চোখে চোখ রেখে বলুন ‘আই লাভ ইউ মায় ডিয়ার’! রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এ কোন মন্ত্র শেখাচ্ছেন এআইএমআইএম প্রধান?

রাজনীতি ছেড়ে একেবারে ‘লভ গুরু’! কানপুরের জনসভায় স্ত্রীকে দিনে ক’বার ‘লাভ ইউ’ বলার পরামর্শ দিলেন ওয়াইসি?

রাজনৈতিক ময়দানে বরাবরই নিজের আক্রমণাত্মক ও ঝাঁঝালো বক্তব্যের জন্য পরিচিত অল ইন্ডিয়া মজলিস-e-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তবে উত্তরপ্রদেশের কানপুরের এক জনসভায় তাঁকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। রাজনৈতিক সমীকরণের পাশাপাশি দাম্পত্য জীবনে কীভাবে ভালোবাসা বজায় রাখা যায়, তার এক অভিনব কায়দা শিখিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

কানপুরের ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি বলেন, সংসারে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি না করে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশ করা অত্যন্ত জরুরি। উপস্থিত জনতার উদ্দেশে তাঁর বিশেষ পরামর্শ, সকালে ঘুম থেকে ওঠার পর এবং সন্ধ্যায় বাড়ি ফিরে দিনে অন্তত দু’-চার বার স্ত্রীকে ‘লাভ ইউ’ বলা উচিত। শুধু তাই নয়, স্ত্রীর চোখে চোখ রেখে তাঁকে ‘I LOVE YOU MY DEAR’ বলার কথাও শোনান তিনি। ওয়াইসির মতে, এই ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই ঘরের পরিবেশ সুন্দর থাকে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। একই সভায় তিনি ‘আই লভ মহম্মদ’ স্লোগান তুলতেও অনুগামীদের উৎসাহিত করেন।

২০২৭ নির্বাচন ও সপাকে আল্টিমেটাম: দাম্পত্যের পাঠ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক ময়দানেও সুর চড়িয়েছেন এআইএমআইএম প্রধান। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কানপুর ক্যান্টনমেন্ট আসনে তাঁদের দল প্রার্থী দেবে। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়ে তুলতে সমাজবাদী পার্টিকে (সপা) আগামী ২ অক্টোবর পর্যন্ত জোটের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

রাজনৈতিক মঞ্চে সচরাচর রাজনৈতিক দল ও নীতির সমালোচনা শোনা গেলেও, ওয়াইসির এই ‘লভ গুরু’ সুলভ পরামর্শ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে পারিবারিক সম্পর্কের রসায়ন এবং অন্যদিকে রাজনৈতিক কড়া বার্তা—সব মিলিয়ে ওয়াইসির এই কানপুর সভা এখন রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছে।